ন্যাটো সম্মেলনে সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে কারজাই
আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে লিসবন সম্মেলনে আলোচনা করবেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগান প্রেসিডেন্ট কারজাই চান আগামী ২০১৪ সালের মধ্যে তাঁর দেশ থেকে সেনা প্রত্যাহার করুক ন্যাটো। খবর বিবিসি অনলাইনের।পর্তুগালের রাজধানী লিসবনে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ন্যাটো নেতাদের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ সম্মেলনে ন্যাটো নেতাদের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন।কারজাইয়ের মুখপাত্র ও উপদেষ্টা আশরাফ ঘানি বলেছেন, ন্যাটো এবং কাবুল একই কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের পরিকল্পনাকে কার্যকর করার জন্য তাদের আরও অনেক বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। কারজাই বলেন, ‘গন্তব্যহীন লক্ষ্যের চেয়ে সুস্পষ্ট গন্তব্যের লক্ষ্যে পৌঁছান সহজ। আমরা এ সুনির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ শুরু করেছি।’ বর্তমানে আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনীর প্রায় এক লাখ ৩০ হাজার সেনা রয়েছে। এঁদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়ক বাহিনীর মিশন একটি নতুন দিকে মোড় নিচ্ছে। এর লক্ষ্য হলো ২০১৪ সালে আফগানিস্তানের নিরাপত্তার সব দায়িত্ব তাদেরকে হস্তান্তর করা।তবে কয়েকটি ন্যাটো সদস্য এ বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেছে, আফগানিস্তান সম্ভবত এ সময়ের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অর্জন করতে পারবে না। তবে ন্যাটোর মহাসচিব বলেছেন, তাঁদের লক্ষ্য সম্পূর্ণ বাস্তবিক।