ন্যাটো সেনাদের মনোবল ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর মহাসচিব আনাস ফও রাসমুসেন বলেছেন, আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ওপর তালেবানদের কৌশলগত ‘নীলের ওপরে সবুজের হামলায়’ ন্যাটো সেনাদের মনোবল ভেঙে পড়েছে এবং এ কারণে দেশটি থেকে ন্যাটো সেনা প্রত্যাহার ত্বরান্বিত হতে পারে। ‘দ্য গার্ডিয়ান’-এ আজ মঙ্গলবার প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়।ব্রিটিশ পত্রিকাটিকে দেওয়া সাক্ষাত্কারে রাসমুসেন বলেন, ন্যাটো সেনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে চাপ রয়েছে। সমস্যার সমাধানে সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তিন মাসের মধ্যেই সব নির্ধারিত হবে।তিনি বলেন, ‘২০১৪ সাল পর্যন্ত আমরা নতুন করে সেনা মোতায়েন করতে পারি, সেনাদের ভিন্ন কোনো কাজে মোতায়েন করতে পারি, প্রত্যাহার করতে পারি অথবা সেনাদের সংখ্যা কমিয়েও ফেলতে পারি।’রাসমুসেন স্বীকার করেন, এ বছর ‘নীলের ওপরে সবুজের হামলা’ হিসেবে অভিহিত অভ্যন্তরীণ হামলায় ৫০ জনের বেশি ন্যাটো সেনা মারা গেছেন। প্রশিক্ষণরত আফগান নিরাপত্তা বাহিনীর সেনারা প্রশিক্ষণদাতা বিদেশি সেনাদের ওপর আক্রমণ চালাচ্ছেন। এর ফলে আফগান পুলিশ ও সেনাবাহিনীর এবং ন্যাটোর সেনাদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে।রাসমুসেন বলেন, ‘কোনো সন্দেহ নেই যে অভ্যন্তরীণ হামলার কারণে সেনাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস দুইই কমেছে।’২০১৪ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা। দুই বছরের মধ্যে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় সাড়ে তিন লাখ সদস্যকে প্রশিক্ষিত করার দায়িত্ব নিয়েছিল ন্যাটো বাহিনী।অভ্যন্তরীণ হামলার বিষয়ে বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যাটো সেনাদের শাসনে থাকার ফলে আফগানদের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ জন্ম নিয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটছে এসব হামলার মধ্য দিয়ে।রাসমুসেন অবশ্য বলছেন, কোনো ধরনের অসন্তোষের কারণে নিয়মিত হামলার আশঙ্কা খুবই কম। ন্যাটোর কাছে রক্ষিত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রাসমুসেন বলেন, আফগান ও ন্যাটো সেনাদের মধ্যে অবিশ্বাস ও সংশয়ের বীজ রোপণ করতে তালেবানরা কৌশল হিসেবে অন্তর্ঘাতী হামলার পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, ‘আসলে এসব অভ্যন্তরীণ হামলার সিংহভাগই হয়েছে তালেবানদের কৌশলের কারণে। ... সম্ভবত এসব হামলা তালেবানদের কৌশলের অংশ মাত্র।’হামলাকারীরা কেন শুধু বিদেশি সেনাদের ওপর হামলা চালাচ্ছে—এমন প্রশ্নের জবাবে রাসমুসেন বলেন, হয়তো পশ্চিমাদের মধ্যে যুদ্ধবিরোধী জনমত তৈরির জন্য এমনটা করা হচ্ছে।