ন্যাটোকে খুনি বললেন কর্নেল গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ন্যাটোকে খুনি বলে অভিহিত করেছেন। বিবিসি অনলাইন জানিয়েছে, গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় তিনি এ কথা বলেন।গত সোমবার ত্রিপোলির সুরমান এলাকায় গাদ্দাফির অন্যতম সহযোগী ও বিপ্লবী কমান্ড কাউন্সিলের সদস্য খুইলদি হামিদির বাড়ির ওপর ন্যাটো বিমান হামলা চালায়। এতে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়। এ ঘটনার দুই দিন পর গাদ্দাফি ন্যাটো সম্পর্কে এ মন্তব্য করলেন।অডিও বার্তায় তিনি বলেছেন, যারা এ ধরনের হামলা করছে, তারা অপরাধী ও বর্বর। লিবিয়ার জনগণ বিদেশি বর্বরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ চলবে বলেও গাদ্দাফি হুঁশিয়ারি দেন। গাদ্দাফি ন্যাটোকে অপশক্তি অভিহিত করে বলেছেন, ‘মিথ্যা বলার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত।’ তবে ন্যাটো দাবি করেছে, তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়নি। গত সোমবার তারা যেখানে হামলা চালিয়েছে, সেটি ছিল লিবিয়ার একটি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। ন্যাটোর মহাসচিব এন্ডারস ফগ রামুসেন জানিয়েছেন, বেসামরিক লোকদের রক্ষায় তাদের বিমান হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ন্যাটো নয়, গাদ্দাফির বাহিনীই বেসামরিক লোকদের হত্যা করছে।’ তবে লিবিয়ার বেসামরিক লোক নিহত হওয়ার অভিযোগ তারা তদন্ত করছে বলেও তিনি জানান।ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ফ্রাতিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানবিক সহায়তা কার্যক্রম চালাতে দ্রুত যুদ্ধ বিরতি দরকার।