ন্যাটোর কবল থেকে লিবিয়াকে মুক্ত করার আহ্বান গাদ্দাফির
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ন্যাটো ও বিশ্বাসঘাতকদের কবল থেকে লিবিয়াকে মুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টেলিফোন বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এদিকে গতকাল রোববার গাদ্দাফি তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় জেরবা দ্বীপের একটি হোটেলে ত্রিপোলি সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সম্পর্কে অবগত একজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। তবে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম এ খবর নাকচ করে দিয়েছে।টেলিফোন বক্তৃতায় গাদ্দাফি বলেন, ‘লিবিয়ার জনগণ থাকবে এবং ফাতেহ অভ্যুত্থানও থাকবে। সামনে এগিয়ে যাও, চ্যালেঞ্জ গ্রহণ করো। অস্ত্র হাতে নাও এবং বিশ্বাসঘাতক ও ন্যাটোর হাত থেকে লিবিয়াকে স্বাধীন করতে যুদ্ধ করো।’ ১৯৬৯ সালে ফাতেহ অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন।তিনি বলেন, ‘যুদ্ধের জন্য প্রস্তুত হও। শহীদের রক্ত যুদ্ধক্ষেত্রের জন্য প্রেরণাস্বরূপ।’বিদ্রোহীরা অন্যতম প্রধান শহর জাবিয়াহ নিয়ন্ত্রণ গ্রহণের দাবি করার একদিন পর গাদ্দাফি টেলিফোনে ওই বক্তৃতা দিলেন। শহরটির মধ্য দিয়ে তিউনিসিয়া থেকে ত্রিপোলিতে খাদ্য ও জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। তবে মুসা ইব্রাহীম জানান, জাবিয়াহ শহর তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘ত্রিপোলি সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা এখন বৈঠক করছেন। তাঁরা গাদ্দাফির প্রস্থান নিয়ে আলোচনা করছেন।’ তবে সূত্রটি আলোচনাকরীদের পরিচয় জানাতেও অস্বীকার করেন।তবে সরকারের মুখপাত্র গাদ্দাফির প্রস্থান নিয়ে বিদ্রোহীদের সঙ্গে সরকারের বৈঠকের গুজবের জন্য পশ্চিমা গণমাধ্যমকে দোষারোপ করেছেন। তিনি বলেন, ‘এই তথ্য পুরোপুরি অসত্য। এটা আমাদের বিরুদ্ধে গণমাধ্যমের যুদ্ধের অংশ। তাদের লক্ষ্য বিশৃঙ্খলা তৈরি করে আমাদের মনোবল ভেঙে দেওয়া।’মুসা ইব্রাহীম বলেন, ‘লিবিয়ার নেতা ত্রিপোলিতে থেকেই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন। তিনি কখনই লিবিয়া ছেড়ে যাবেন না।’ রয়টার্স।