ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়া ঘটনায় ন্যাটোর তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী। তারা এ প্রতিবেদনে তথ্য ঘাটতি আছে বলে জানিয়েছে। ন্যাটোর প্রতিবেদনে ওই ঘটনার জন্য ন্যাটো ও পাকিস্তানি উভয় বাহিনীকেই দায়ী করা হয়েছে। ন্যাটো জানায়, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে অভিযানের সুনির্দিষ্ট স্থান নির্বাচন ও তত্পরতা চালানোর বিষয়ে উভয় পক্ষ বেশ কয়েকটি ভুল করেছে।পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গণমাধ্যমে প্রকাশিত ন্যাটো জোটের ওই তদন্ত প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী একমত নয়। এ প্রতিবেদনে তথ্যের অনেক ঘাটতি রয়েছে।’সেনা কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের ওই তদন্ত প্রতিবেদনে অনেক ভুলভ্রান্তি আছে। উভয় পক্ষই তাদের অভিযানের পরিকল্পনা অথবা ন্যাটো বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হয়েছে। আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও তাঁরা জানান।এ ঘটনায় বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলেও তিনি শোক ও দুঃখ প্রকাশ করেন। তবে তার পরও পাকিস্তান এ তদন্তে অংশ নিতে অসম্মতি জানায়।এ ঘটনার জের ধরে ২৬ নভেম্বর থেকে আফগান সীমান্তে ন্যাটের রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় ইসলামাবাদ। একই সঙ্গে দেশটি আফগানিস্তান-বিষয়ক বন সম্মেলন বয়কট করে এবং শামসি বিমান ঘাঁটি ছেড়ে যেতে মার্কিন সরকারকে নির্দেশ দেয়।