ন্যাটোর বিমান হামলায় ৩ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আজ বৃহস্পতিবার ভোরে ন্যাটোর বিমান হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে পাকিস্তানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে একই স্থানে এটি ন্যাটোর চতুর্থ বিমান হামলা।স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ ভোরে ন্যাটোর দুটি বিমান পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে কুরাম এলাকার তেরি মঙ্গল গ্রামে এ হামলা চালায়। গ্রামটি আফগান সীমান্তের আদিবাসী পশতুন অধ্যুষিত এলাকা।নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, বিমান দুটি প্রায় ৩৫ মিনিট ধরে এ হামলা চালায়। এ ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত ও তিনজন আহত হয়। এ হামলায় পাকিস্তানি সেনা নিহত হওয়ার জবাবে পাকিস্তান কোনো পাল্টা হামলা চালিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে অবশ্য নিরুত্তর থেকেছেন সেই পাকিস্তানি কর্মকর্তা।উল্লেখ্য, গত সোমবার পাকিস্তান ন্যাটোকে সতর্ক করে দিয়ে ঘোষণা করে, ন্যাটোর বিমান যদি তাদের আকাশসীমায় প্রবেশ করে, তাহলে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেবে।এদিকে ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে ন্যাটোর বিমান অভিযান চালিয়ে প্রায় ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে।