ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছোট ছেলে নিহত!
ন্যাটোর বিমান হামলায় গতকাল শনিবার রাতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরব নিহত হয়েছেন বলে সরকারের মুখপাত্র দাবি করেছেন। এ ঘটনায় গাদ্দাফির তিন নাতিও নিহত হয়েছে বলে লিবিয়া সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম আজ রোববার বলেছেন, নিহত সাইফ আল আরব (২৯) একজন সাধারণ নাগরিক এবং ছাত্র। তিনি জার্মানিতে পড়ালেখা করছিলেন। সম্প্রতি তিনি লিবিয়ায় এসেছেন।মুসা ইব্রাহিম দাবি করেন, ত্রিপোলির ওই বাড়িটিতে মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর স্ত্রীও অবস্থান করছিলেন। তবে হামলা থেকে তাঁরা প্রাণে বেঁচে গেছেন। তারা সুস্থ ও নিরাপদে আছেন। মুসা ইব্রাহিম অভিযোগ করে বলেন, ‘এটা ছিল লিবিয়ার নেতাকে হত্যা করতে সরাসরি অভিযান।’ লিবিয়ার কর্মকর্তারা হামলায় ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি সাংবাদিকদের পরিদর্শন করিয়েছেন। বাড়িটিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে কর্মকর্তারা দাবি করেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে গাদ্দাফির ছোট ছেলে ও তাঁর তিন নাতির নিহত হওয়ার খবর নিশ্চিত করা যায়নি। ন্যাটো বিমান হামলার কথা স্বীকার করলেও কোনো ব্যক্তির নিহত হওয়ার বিষয়ে মন্তব্য করেনি। ন্যাটো দাবি করেছে, তারা কেবল সামরিক স্থাপনাগুলোতেই বিমান হামলা পরিচালনা করছে।লিবিয়ার বিদ্রোহীরাও দাবি করেছে, গাদ্দাফির ছোট ছেলে নিহত হওয়ার খবরটি সাজানো। তারা বলেছে, গাদ্দাফিকে বিশ্বাস করা যায় না।