ন্যাটোর বিমান হামলায় ৭০০ বেসামরিক ব্যক্তি নিহত, লিবিয়ার দাবি
লিবিয়ায় গত মার্চ থেকে ন্যাটোর বিমান হামলায় ৭০০-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে চার হাজারের বেশি ব্যক্তি। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম গতকাল মঙ্গলবার এ দাবি করেছেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়। ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহীম বলেন, গত ১৯ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত ন্যাটোর বিমান হামলায় ৭১৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার হাজার ৬৭ জন। আহতদের মধ্যে ৪৩৩ জনের অবস্থা গুরুতর। তবে হতাহতের এ পরিসংখ্যানের পক্ষে কোনো তথ্যপ্রমাণ তুলে ধরেননি সরকারের মুখপাত্র।মুসা ইব্রাহীম বলেন, হতাহতের এ সংখ্যার মধ্যে সামরিক ব্যক্তির অন্তর্ভুক্ত করা হয়নি। হামলায় অনেক সামরিক ব্যক্তিও হতাহত হয়েছে। তিনি আরও বলেন, গাদ্দাফি চলে গেলে লিবিয়ার নিরাপত্তাব্যবস্থা বলতে আর কিছুই থাকবে না। আর এমন হলে সেটি হবে লিবিয়ার জনগণের জন্য সবচেয়ে শোচনীয় অবস্থা।তবে ন্যাটো বিমান হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবর অস্বীকার করে আসছে। ন্যাটো বলছে, তারা গাদ্দাফির বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতেই বিমান হামলা করছে।