ন্যাটোর বিমান হামলায় ৮ আফগান বেসামরিক নাগরিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলায় ন্যাটোর বিমান হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জেলার পুলিশ প্রধান শিদি খান আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।শিদি খান বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটায় ওই বিমান হামলা চালানো হয়। এর আগে এলাকাটিতে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) সদস্যদের ওপর হামলা চালায় বিদ্রোহীরা।পুলিশপ্রধান জানান, নিহতদের সবাই একই পরিবারের সদস্য। তারা সম্প্রতি উরুজগান প্রদেশের রণক্ষেত্র থেকে পালিয়ে নাদ আলী জেলায় এসে আশ্রয় নিয়েছিল।ইসাফ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসাফের একজন মুখপাত্র বলেন, জোটবাহিনী স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে হামলার বিষয়টি খতিয়ে দেখছে। রয়টার্স।