ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পরিবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এতে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে।গতকাল বুধবার গাদ্দাফি পরিবারের আইনজীবী মার্সেল সেসালদি বলেন, গাদ্দাফি হত্যাকাণ্ডে ন্যাটো জোটের ভূমিকা ছিল, তাই এ অভিযোগ দায়ের করা হবে।গাদ্দাফি (৬৯) গত বৃহস্পতিবার সির্তে নিহত হন। তিনি কীভাবে নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে তাঁর গাড়িবহরের ওপর ন্যাটোর বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আইনজীবী মার্সেল আগে গাদ্দাফি সরকারের হয়ে কাজ করেছিলেন। তিনি বলেন, ন্যাটের বিরুদ্ধে হেগ-ভিত্তিক আইসিসিতে একটি অভিযোগ দায়ের করা হবে। গাদ্দাফির গাড়িবহরের ওপর ন্যাটোর হামলার ফলেই তাঁর মৃত্যু হয়েছিল। মার্সেল আরও বলেন, জেনেভা কনভেনশনের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলকভাবে কাউকে হত্যা যুদ্ধাপরাধ বলে উল্লেখ করা হয়েছে।অভিযোগ কখন দায়ের করা হবে তা উল্লেখ না করে মার্সেল বলেন, ন্যাটোর নির্বাহী সংস্থা ও জোটের সদস্য দেশগুলোর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হবে।ফরাসি এই কর্মকর্তা বলেন, গাদ্দাফি হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়, ন্যাটোর সদস্য দেশগুলোর লক্ষ্য বেসামরিক ব্যক্তিদের রক্ষা নয় বরং বিদ্যমান শাসনব্যবস্থাকে উৎখাত করা।ইতিমধ্যে গাদ্দাফির মৃত্যুর বিষয়টি তদন্ত করার ঘোষণা দিয়েছে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)।গাদ্দাফির মৃত্যু নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিজ শহর সির্তের পতনের পর গাড়িবহর নিয়ে তিনি শহর ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। এ সময় গাড়িবহরের ওপর ন্যাটো বাহিনীর বিমান হামলার পর তিনি একটি কালভার্টের নিচে আত্মগোপন করেন। এরপর এনটিসির যোদ্ধারা তাঁকে সেখান থেকে ধরে।আইসিসি গত জুনে গাদ্দাফি, তাঁর ছেলে সাইফ আল-ইসলাম ও সাবেক গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। লিবিয়ার কর্মকর্তারা বলেন, সাইফ ও সেনুসি নাইজার সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছেন। গাদ্দাফি সরকারের অন্যান্য কর্মকর্তার সঙ্গে তাঁরাও সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এএফপি।