ন্যাটোর যুদ্ধ ‘লক্ষ্যহীন, মূর্খতা: আফগান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ন্যাটো বাহিনী যে যুদ্ধ চালাচ্ছে, সেটিকে আফগানিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র গতকাল মঙ্গলবার ‘লক্ষ্যহীন ও মূর্খতা’ বলে অভিহিত করেছেন। দ্য ডনের খবরে বলা হয়েছে, সম্প্রতি আল-কায়েদা ও তালেবানবিরোধী আন্তর্জাতিক জোটের সঙ্গে দেশটির সরকারের উত্তপ্ত বাদানুবাদে আবারও তেল ঢালল আফগান সরকার।প্রেসিডেন্ট হামিদ কারজাই গত সপ্তাহে অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র গোপনে তালেবানদের সঙ্গে আলাপ-আলোচনা করে চুক্তি করতে চলেছে। ন্যাটোর আফগানিস্তান অভিযানের প্রধান আন্দ্রে ফো কারজাইয়ের অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এরই জবাব হিসেবে কারজাইয়ের মুখপাত্র আইমল ফাইজি গতকাল এ কথা বলেন।এক বিবৃতিতে ফাইজি বলেন, ‘আফগানিস্তানের জনগণ ন্যাটোর কাছে জানতে চায়, তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ ব্যাপারটির লক্ষ্য ও উদ্দেশ্য কী?... (তারা) মনে করে এ যুদ্ধটি লক্ষ্যহীন ও মূর্খতা।’ফাইজি তাঁর বিবৃতিতে বলেন, জনগণের প্রশ্ন হলো, কেন এক দশক যুদ্ধের পরও কোনো পক্ষই তাদের লক্ষ্য অর্জন করতে পারল না। অথচ এরই মধ্যে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাল।প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফাইজি বলেন, ‘ন্যাটো ভালোভাবেই জানে, সন্ত্রাসীদের পুণ্যস্থান আফগানিস্তানে নয়, বরং বাইরে। তাহলে কেন (আফগানিস্তানের) বাড়িঘরে ও গ্রামগুলোতে অযথাই যুদ্ধ চলছে?’সম্প্রতি সরকারের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। দেশটিতে ন্যাটো বাহিনী ১১ বছর ধরে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে, তালেবানরা কারজাইয়ের সরকারকে উত্খাতের জন্য লড়াই চালাচ্ছে।২০১৪ সালের এপ্রিলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভবত এ কারণেই কয়েক মাস ধরে রাজনীতিকরা জাতীয়তাবাদী সাজার জন্য পরস্পরের সঙ্গে পাল্লা দিচ্ছেন।আগামী বছর দেশটি থেকে ন্যাটো বাহিনীর সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরপর দেশটির নিরাপত্তার দায়িত্ব নেবে সরকারি বাহিনী। অথচ এ বাহিনী এখনো বেশ দুর্বল ও স্বল্প প্রশিক্ষিত।অনেক বিশেষজ্ঞ মনে করেন, যে কারজাই ২০০১ সালে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশটির রাষ্ট্রপতি হয়েছিলেন, তাঁকে এখন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে হচ্ছে। তিনি যে যুক্তরাষ্ট্রের ‘হাতের পুতুল’ নন, তা প্রমাণ করা আবশ্যক হয়ে পড়েছে।