ন্যাটোর রসদ পরিবহনে অর্থ গুনতে হবে (ভিডিও)
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির ওপর দিয়ে ন্যাটো বাহিনীর জন্য রসদ পরিবহন আবারও শুরু করতে হলে এর জন্য তাদেরকে অর্থ গুনতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।বিনা মূল্যে ন্যাটোর সেনাদের জন্য পাকিস্তানের ওপর দিয়ে আর রসদ পরিবহন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতার। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।গত নভেম্বরে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পাকিস্তানে ন্যাটোর রসদ পরিবহনের ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।মন্ত্রী বলেন, ‘এখনো বিষয়টি নিয়ে কোনো ফয়সালা হয়নি। যদি রসদ সরবরাহ আবার শুরু হয় সে ক্ষেত্রে বিনা মূল্যে তা করতে দেওয়া হবে না।’আহমেদ মুখতার আরও বলেন, ‘আমাদের সড়কের ওপর দিয়ে প্রতিদিন ন্যাটোর ৩ হাজার কন্টেইনারে রসদ পরিবহন করা হতো। বিপুল পরিমাণ ভারী মালামাল বহনের কারণে রাস্তাগুলোর এখন বেহাল দশা। রাস্তার উন্নয়নে আমাদের অনেক অর্থের দরকার। কাজেই আবারও রসদ পরিবহন শুরু করতে চাইলে আমরা তাদের কাছ থেকে অর্থ চাইব।’উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। ন্যাটোর ওই হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে।