ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধে অনড় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী আরও কয়েক সপ্তাহ আফগানিস্তানে দায়িত্ব পালনরত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ পথ বন্ধ রাখবে ইসলামাবাদ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ কথা জানান।গত ২৬ নভেম্বর ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনার পরপরই আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান। এতে পাকিস্তানের বিভিন্ন সীমান্তে ন্যাটোর রসদ সরবরাহের কয়েক শ লরি আটকা পড়েছে।সাক্ষাত্কারে গিলানি স্বীকার করেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে বিশ্বাসের অভাব রয়েছে। আমার একসঙ্গে কাজ করছি, কিন্তু পরস্পরকে আমরা বিশ্বাস করি না।’দেশ দুটির মধ্যে আস্থাহীনতার পরিপ্রেক্ষিতে গিলানি পারস্পরিক বিশ্বাস সৃষ্টির ওপর জোর দেন। তিনি বলেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের আরও বেশি পারস্পরিক বিশ্বাস স্থাপন প্রয়োজন।’ গিলানি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের সম্পর্কের উন্নয়ন দরকার। যাতে আমাদের পরস্পরের ওপর আরও আস্থা থাকে।’পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সেনাবাহিনী অপসারণের চেষ্টা করছে বলে যে গুজব উঠেছিল, তা নাকচ করে দিয়ে গিলানি জানিয়েছেন, দুবাইয়ের একটি হাসপাতালে জারদারি দ্রুত আরোগ্য লাভ করছেন। তবে দেশে ফিরতে তাঁর দুই সপ্তাহের মতো সময় লাগবে।এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার শামসি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। গত নভেম্বর মাসে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে এ বিমানঘাঁটি ত্যাগ করতে বলেছিল ইসলামাবাদ।