ন্যাটোর সঙ্গে আলোচনার প্রস্তাব গাদ্দাফির
লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ন্যাটোর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি আজ শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ প্রস্তাব দেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গাদ্দাফি ন্যাটো জোটকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারা কেন আমাদের ওপর হামলা চালাচ্ছে? আমরা ন্যাটো জোটভুক্ত হামলাকারী দেশগুলো সঙ্গে আলোচনা করতে চাই। আলোচনা করতে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।’গাদ্দাফি আরও বলেন, তাঁকে দেশ ত্যাগে কেউ বাধ্য করতে পারবে না। তিনি বলেন, ‘আমি দেশ ত্যাগ করছি না। দেশের জন্য যুদ্ধ করো না—কেউ আমাদের এ কথা বলতে পারে না।’ তবে গাদ্দাফি বলেন, ‘আমরা এখনো যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তবে এতে শুধু লিবিয়া বাহিনী নয়, সব পক্ষকেই সংশ্লিষ্ট হতে হবে।’ গাদ্দাফি বলেন, ‘লিবিয়া এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছে। তবে যুদ্ধবিরতি একপক্ষ থেকে হতে পারে না। আমরা প্রথম থেকেই যুদ্ধবিরতিকে স্বাগত জানানোর কথা বলেছি এবং আমরাই প্রথম যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম। তার পরও ন্যাটোর হামলা বন্ধ হয়নি।’এদিকে ন্যাটো আজ লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের কাছে বোমা হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টিভি জানায়, টেলিভিশন ভবনসংলগ্ন একটি ভবনে গাদ্দাফির ভাষণ সম্প্রচারের সময় ওই বোমা হামলা চালানো হয়। গাদ্দাফিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।