ন্যাটোর সেনাদের পুনরায় রসদ সরবরাহ করলে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহের পথ পুনরায় খুলে দেওয়া হলে আইনপ্রণেতাদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান জঙ্গিরা। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র এহসানুল্লাহ এহসানের বরাত দিয়ে গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টিটিপি মুখপাত্র রয়টার্সকে জানান, পার্লামেন্ট ন্যাটোর সেনাদের রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে পার্লামেন্ট সদস্যসহ বড় বড় নেতাদের ওপর হামলা চালানো হবে। এদিকে জাতীয় প্রতিরক্ষা কমিটি জানিয়েছে, আফগানিস্তানে বিদেশি শক্তিগুলোর রসদ সরবরাহ অব্যাহত রাখা হলে রসদ চালানের ওপর কর আরোপ করা হবে।যুক্তরাষ্ট্রের সঙ্গে মজবুত বন্ধন গড়ার লক্ষ্যে আফগানিস্তানে ন্যাটো রসদ সরবরাহের পথ খুলে দেওয়াসহ বেশ কিছু সুপারিশমালা পর্যালোচনা করছে পাকিস্তান পার্লামেন্ট। কিন্তু তালেবান জঙ্গিদের এমন হুমকি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের টানাপোড়েনের সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গত বছর নভেম্বরে পাকিস্তান-আফগান সীমান্তে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকে দেশটিতে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয় পাকিস্তান।