ন্যাটোর হামলা ছিল পূর্বপরিকল্পিত: পাকিস্তান
পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বাস করে গত মাসে দেশটির আফগান সীমান্তে ন্যাটোর হামলা ছিল পূর্বপরিকল্পিত। পাকিস্তানের পত্রিকাগুলো আজ শুক্রবার সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ কথা জানায়।সামরিক অপারেশনসের মহাপরিচালক মেজর জেনারেল আশফাক নাদিমকে উদ্ধৃত পত্রিকাগুলো আরও জানায়, এ ধরনের হামলা প্রতিরোধে সীমান্তে বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করবে পাকিস্তান। পত্রিকাগুলো জানায়, প্রতিরক্ষাবিষয়ক সিনেট কমিটিতে গতকাল বৃহস্পতিবার নাদিম এসব কথা বলেন। তবে নাদিমের এ বক্তব্যে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের তাত্ক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।ডেইলি টাইমস জানায়, আশফাক নাদিম ওই হামলাকে ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন। অন্য আরেকটি পত্রিকা জানায়, নাদিম ন্যাটোর হামলাকে পাকিস্তানের বিরুদ্ধে ‘পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন।এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানায়, সিনেট কমিটিতে নাদিম বলেন, ‘আমাদের স্বীকৃত মিত্রদের থেকে এ ধরনের হামলা আরও হতে পারে।’গত মাসে ন্যাটোর ওই হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হন। এ ঘটনায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। পাকিস্তানি সেনা কর্মকর্তার এসব মন্তব্য ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও উসকে দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রয়টার্স।