ন্যাটোর হামলা নগ্ন আগ্রাসন: পাকিস্তান
পাকিস্তানে ন্যাটোর হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও নগ্ন আগ্রাসন বলে অভিহিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। আজ বুধবার পাকিস্তানের সেনাসদরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলাপকালে দেশটির সামরিক অভিযান ইউনিটের মহাপরিচালক মেজর জেনারেল ইসফাক নাদিম এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। এ ঘটনার পর দেশ দুটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। ওই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ১৫ দিনের মধ্যে শামসি বিমানঘাঁটি ছেড়ে যেতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয়। এ ছাড়া আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে আগামী সপ্তাহে জার্মানির বনে অনুষ্ঠেয় আলোচনায় যোগ না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান।ন্যাটোর হামলা প্রসঙ্গে মেজর জেনারেল ইসফাক নাদিম বলেন, পাকিস্তানের তল্লাশি চৌকিতে যে তারা হামলা করতে যাচ্ছে, এ বিষয়টি ন্যাটো বাহিনী জানত। তা সত্ত্বেও তাদের হেলিকপ্টার গুলিবর্ষণ করতে থাকে।’ মেজর জেনারেল ইসফাক আরও বলেন, ‘মানচিত্রসহ ওই তল্লাশি চৌকির বিস্তারিত তথ্য আগে থেকেই ন্যাটোর কাছে ছিল। আমাদের তল্লাশি কেন্দ্র সম্পর্কে ন্যাটোর না জানার বিষয়টি অসম্ভব।’এদিকে আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় আলোচনায় পাকিস্তানের যোগ না দেওয়ার সিদ্ধান্তে আজ বুধবার দুঃখ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে তিনি এ ব্যাপারে ভবিষ্যতে ইসলামাবাদের সহযোগিতা আশা করেছেন।এদিকে পাকিস্তানের শামসি বিমানঘাঁটি থেকে সরে যেতে সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রের করা আবেদন নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। গতকাল মঙ্গলবার গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।