ন্যাটোর হামলার প্রতিবাদ করেছে পাকিস্তান
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী এলাকায় ন্যাটোর হেলিকপ্টার থেকে চালানো হামলার ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ মঙ্গলবার সকালে ন্যাটোর দুটি হেলিকপ্টার আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করে পাকিস্তানে হামলা চালায়। এতে পাকিস্তানের দুজন সেনা সদস্য আহত হন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।পাকিস্তানের সামরিক বাহিনী আজ এক বিবৃতি বলেছে, তারা ন্যাটোর কাছে হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি পতাকা বৈঠকের দাবি করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে ন্যাটোর হেলিকপ্টার পাকিস্তানের সীমান্তবর্তী দত্তা খেল এলাকার একটি তল্লাশি চৌকিতে হামলা চালায়। অপর এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলার পর উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের দিকে পাকিস্তানের কয়েকটি হেলিকপ্টার উড়ে যায়। তবে পাকিস্তানের এ তত্পরতা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। পাকিস্তানের এক্সপ্রেস ২৪/৭ টেলিভিশন চ্যানেল জানায়, ন্যাটোর হেলিকপ্টার পাকিস্তানের ভূখণ্ডে অনুপ্রবেশ করে আকাশে থাকা অবস্থায় গুলি ছুড়তে থাকে। পরে সেগুলো আবার আফগানিস্তানে ফিরে যায়। হামলায় নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য আহত হন।কাবুলে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) মুখপাত্র লেফেটেন্যান্ট কমান্ডার কলেট মারফি জানান, তাঁরা হামলার বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর ওই হামলার কারণে পাকিস্তান ও পশ্চিমা দেশগুলোর সম্পর্কে আরও উত্তেজনা দেখা দিতে পারে। ২ মে পাকিস্তানি কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে অ্যাবোটাবাদে মার্কিন অভিযান চালানো নিয়ে দু-দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই অভিযানে মার্কিন কমান্ডোরা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেন।