ন্যাটোর হামলায় পাকিস্তানের সবুজ সংকেত ছিল!
পাকিস্তানের সেনা চৌকিতে ন্যাটোর হামলায় ইসলামাবাদের সবুজ সংকেত ছিল। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, ন্যাটোর ওই হামলায় পাকিস্তানের বিমানবাহিনী সম্পৃক্ত হওয়ার কথা ছিল। কিন্তু যোগাযোগ বিভ্রাটের কারণে সময়মতো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে এটি বিমানবাহিনীর গাফিলতি নয় বলে দাবি করা হয়।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেনা চৌকিতে গত ২৬ নভেম্বর সামরিক জোট ন্যাটোর হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান দেশটি থেকে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। এ ছাড়া ১৫ দিনের মধ্যে দেশটির শামসি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশ দেয়।ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ন্যাটোর হামলা নিয়ে মার্কিন বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এটি এক দশক ধরে চলা আফগান যুদ্ধে দুই মিত্রের মধ্যে সবচেয়ে বড় ‘ফ্রেন্ডলি ফায়ারের’ ঘটনা। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আফগান বাহিনীর নেতৃত্বে মার্কিন কমান্ডো বাহিনী আফগান-পাকিস্তান সীমান্তে তালেবান জঙ্গিদের তাড়া করে। এ সময় তালেবান তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন ওই এলাকায় বিমান হামলার সিদ্ধান্ত হয়। ওই হামলায় পাকিস্তান বাহিনীরও থাকার কথা ছিল। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকায় পাকিস্তানের কোনো সেনা নেই। কিন্তু হামলা চালানোর পর দেখা গেল ভুল হয়ে গেছে। কর্মকর্তারা দুই পক্ষেরই ভুলের কথা স্বীকার করেন।পাকিস্তানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানের বিমানবাহিনী সঠিক সময়ে ন্যাটোর সঙ্গে যোগ দিতে পারলে ওই হামলা সফল হতো। এ জন্য পাকিস্তানি বিমানবাহিনী দায়ী নয়। হামলার শিকার তল্লাশি চৌকির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় বিমানবাহিনীর পক্ষে সময়মতো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ওই অঞ্চলের পরিস্থিতি সম্পর্কেও বিভিন্ন পর্যায়ে তথ্যের ঘাটতি ছিল।