ন্যাটোর হামলায় প্রাণ গেল এক পরিবারের আটজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে ন্যাটোর বিমান হামলায় একই পরিবারের আটজন নিহত হয়েছে। আজ রোববার পাকতিয়ার গুর্দা সারিয়া জেলার সুরি খাইল গ্রামে এ হামলায় একটি পরিবারের গৃহকর্তা-কর্ত্রীসহ ছয় সন্তান নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।পাকতিয়া প্রদেশের মুখপাত্র রুহুল্লাহ সামুন ন্যাটোর নেতৃত্বে বিমান হামলার কথা জানিয়েছেন। তিনি বলেন, হামলায় নিহত পরিবারের কর্তা আল-কায়েদা কিংবা এ ধরনের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না।এদিকে বিমান হামলার কথা স্বীকার করেছে ন্যাটো। সংস্থাটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জিমি কামিংস বলেন, পাকতিয়া প্রদেশে উল্লেখযোগ্যসংখ্যক নাশকতাকারীদের লক্ষ্য করে শনিবার রাতে বিমান হামলা চালায় ন্যাটো।বিবিসি জানায়, আজ রোববারের বিমান হামলার আগের দিন অন্য এক বোমা হামলায় ন্যাটোর চার সেনাসদস্য নিহত হন। হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ন্যাটো। এমনকি হামলায় নিহতরা কোন দেশের নাগরিক, সে ব্যাপারেও কিছু বলেনি সংস্থাটি।তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় নিহতদের একজন যুক্তরাজ্যের সৈনিক। তিনি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নাহর-ই-সিরাজ অঞ্চলে টহলরত অবস্থায় বোমা হামলার শিকার হন।জানা গেছে, চলতি মে মাসের শুরুতে আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, এ ধরনের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র-আফগানিস্তানের মধ্যকার স্বাক্ষরিত কৌশলগত অংশীদারি চুক্তি নস্যাত্ হতে পারে।