ন্যাটোর হামলায় লিবিয়ার আটটি যুদ্ধজাহাজ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক জোট ন্যাটোর বিমান হামলায় লিবিয়ার নৌবাহিনীর আটটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই বিমান হামলা চালানো হয়। গতকাল শুক্রবার পশ্চিমা জোট এক বিবৃতিতে এ কথা জানায়।বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর সমর্থনপুষ্ট ন্যাটো বাহিনী বৃহস্পতিবার রাতভর ত্রিপোলি বন্দর, আল খুমস ও সিরতে অঞ্চলে নির্ভুলভাবে বিমান হামলা চালায়। এতে আটটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়।ন্যাটোর লিবিয়া অভিযানের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল রাসেল হার্ডিং বলেন, লিবিয়ার বেসামরিক মানুষ ও সাগরে ন্যাটোর সেনাদের রক্ষা করতেই এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ন্যাটোর সব হামলার লক্ষ্য লিবিয়া সরকারের সামরিক ঘাঁটি।ত্রিপোলিতে গতকাল শুক্রবার সকালের দিকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ত্রিপোলি বন্দরে লিবিয়ার যুদ্ধজাহাজে হামলার কয়েক ঘণ্টা পরও এসব শব্দ শোনা যায়।ন্যাটোর হামলায় আগুন ধরে যাওয়া জাহাজগুলো দেখাতে লিবিয়া কর্তৃপক্ষ বিদেশি সাংবাদিকদের সেখানে নিয়ে যায়। বন্দর থেকে এক কিলোমিটার দূরে একটি সেতু থেকে জাহাজগুলো দেখেন সাংবাদিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, দূর থেকে দেখে জাহাজগুলো সামরিক বাহিনীর কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। ওই এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলীও দেখা যায়।লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোকে সরকার-নিয়ন্ত্রিত ত্রিপোলি বন্দর থেকে সরিয়ে দিতে ন্যাটো এই হামলা চালিয়েছে। এই হামলার ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলো কোনো জাহাজ লিবিয়ায় আর পাঠাবে না।এদিকে গাদ্দাফির স্ত্রী ও মেয়ে তিউনিসিয়ায় পালিয়ে গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা নাকচ করেছে লিবিয়ার সরকার। একই সঙ্গে গাদ্দাফির তেলমন্ত্রীর পদত্যাগের খবরও নাকচ করা হয়।এ প্রসঙ্গে সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, গাদ্দাফির স্ত্রী সোফিয়া সুস্থ আছেন এবং তিনি ত্রিপোলিতে অবস্থান করছেন। গাদ্দাফির মেয়ে আয়েশাও ত্রিপোলিতে আছেন। তিনি বলেন, দুজনের কেউই দেশ ছেড়ে যাননি।তেলমন্ত্রী সুখরি ঘানেমের পদত্যাগের খবরও অস্বীকার করেন মুসা ইব্রাহিম। তিনি বলেন, সুখরি ঘানেম বিশেষ দায়িত্ব নিয়ে তিউনিসিয়া গেছেন। এরপর ইউরোপ সফর শুরু করবেন তিনি। পরে তিনি মিসরে যাবেন। মুখপাত্র বলেন, ‘আমরা যা জানি তা হলো, ঘানেম তিউনিসিয়ায় তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এখনো লিবিয়া সরকারের একজন কর্মকর্তা।’আলোকচিত্র সাংবাদিক হত্যা: দক্ষিণ আফ্রিকার আলোকচিত্র সাংবাদিক অ্যানটন হ্যামার্লকে ছয় সপ্তাহ আগে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে অ্যানটনের পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, লিবিয়ার প্রত্যন্ত অঞ্চলের মরুভূমিতে গাদ্দাফির অনুগত সেনারা গুলি করে অ্যানটনকে হত্যা করে। এএফপি, বিবিসি।