ন্যানেসের তৃতীয় দুর্ঘটনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের ভয়ে শখের স্কিয়িংটা এখন বলতে গেলে করাই হয় না। ৫ মার্চ শনিবার, ছুটির দিনটায় তাই নিজের মতো সময় কাটাতে চলে গিয়েছিলেন খামারবাড়িতে। হঠাৎই একটা ফোন, ‘ব্যাগ গোছাও। বিশ্বকাপে যাচ্ছ।’ মুহূর্তেই মনের মধ্যে কত কিছু ঘটে যায়, বুঝে উঠতে পারেন না। হোক না বিকল্প, তবু তো থাকছেন দলের সঙ্গেই। হয়তো বিশ্বকাপের অফিশিয়াল খেলোয়াড় তালিকায় তাঁর নাম থাকবে না, তবুও তিনি বিশ্বকাপের অংশ! ফোনটা রেখে ডার্ক ন্যানেসের মনে হলো, এটা তাঁর জীবনের তৃতীয় বড় দুর্ঘটনা। আগের দুটি তাহলে কী ছিল?নিজেই সব সময় বলেন, ‘ক্রিকেটার হয়েছি দুর্ঘটনাক্রমে।’ শখ ছিল পুরো বিশ্ব ঘুরে বেড়ানো, আর ভালোবাসা বরফের বুক চিরে স্কিয়িং। শখের স্কিয়িং নয়। স্কিয়িংয়ের বিশ্বকাপ ইভেন্টেও অংশ নিয়েছেন বেশ কবার। ১৯৯৮ শীতকালীন অলিম্পিকের অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি অল্পের জন্য। ঘুরে বেড়ানো আর স্কিয়িংয়ের ফাঁকে টুকটাক চলত ক্রিকেট খেলা। কিন্তু যখনই নামতেন, গতি দিয়ে কাঁপিয়ে দিতেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। এসব দেখেই অনেকে ক্রিকেটকে সিরিয়াসলি নিতে বলত। পাত্তা দিতেন না। হুট করেই একদিন পাত্তা দিলেন। ন্যানেসের জীবনের প্রথম দুর্ঘটনা!নিয়মিত ক্লাব ক্রিকেট খেলতে থাকলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে। একদিন ভিক্টোরিয়ার নির্বাচকদের চোখে পড়লেন। ২০০৬ সালে যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হলো, ন্যানেসের বয়স তখন ৩০ পেরিয়ে গেছে! ভিক্টোরিয়ার হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল না, তবে ছিল ধারাবাহিকতা। ছিল গতি আর সুইং। ডাক পেলেন কাউন্টিতেও। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন পারফরম্যান্স দেখালেন যে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ল। আশায় বুক বাঁধলেন, টি-টোয়েন্টিই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দেবে। স্বপ্নভঙ্গ হতেও সময় লাগল না। জায়গা হলো না ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে।কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের তৃষ্ণা মেটাতে অবলম্বন হয়ে গেল হল্যান্ড। তাঁর তো আছে ডাচ পাসপোর্ট, মা-বাবা দুজনই যে ডাচ অভিবাসী! ওই বিশ্বকাপের হল্যান্ড দলে ঢুকতে সমস্যা হলো না, নিয়মিত ১৫০ কিলোমিটারের আশপাশে বোলিং করতে পারা বোলারকে পেয়ে উল্টো বর্তে গেল হল্যান্ড। বিশ্বকাপে ঠিকই নিজেকে মেলে ধরলেন। এতটাই যে, দুই মাস পরই ডাক পেয়ে গেলেন অস্ট্রেলিয়া দলে। ন্যানেসের জীবনের দ্বিতীয় বড় দুর্ঘটনা!ঘরোয়া টি-টোয়েন্টি বিশেষজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটেও একই চেহারায়। সব মিলিয়ে ১৭ ম্যাচে ২৮ উইকেট, ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট। ২০০৯ সালের আগস্টে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেটা এখনো হয়ে আছে তাঁর একমাত্র। বিশ্বকাপে অন্তত সংখ্যাটা বাড়ার সম্ভাবনা খুব একটা নেই। কারণ, তিনি তো বিকল্প ক্রিকেটার। এই বিশ্বকাপের একমাত্র স্ট্যান্ড বাই, যিনি আছেন দলের সঙ্গে। চোটে ডগ বলিঞ্জারের বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া বদলি নিয়েছে একজন ব্যাটসম্যানকে (মাইক হাসি)। কিন্তু পেসারদের কথাটাও মাথায় ছিল। হঠাৎ কেউ চোট পেলে বদলি পাঠাতে যাতে দেরি না হয়, এ জন্যই ন্যানেসকে দলের সঙ্গে রাখা।পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন প্রেমাদাসার অনুশীলনে ন্যানেস জানালেন, এতেও ভীষণ গর্বিত তিনি, ‘বছরের শুরুতে টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়ে অবাক হয়েছিলাম, এর চেয়েও বেশি অবাক হয়েছিলাম বিশ্বকাপের ৩০ সদস্যের দলেও না থেকে। তবে ক্রিকেটারের জীবন তো এমনই। কারও চোটের দিকে তাকিয়ে থাকা ভালো কিছু নয়। তবে এই যে দলের সঙ্গে আছি, নেটে বোলিং করছি, দলকে সাহায্য করছি—এসবই বা কম কী!’মধ্য তিরিশে দাঁড়িয়ে জানেন বেশি দিন আর পারবেন না। তাই একটি স্কি-ট্রাভেল কোম্পানি খুলেছেন, যারা আপনাকে ঘুরিয়ে আনবে বরফের রাজ্যে। খুব ভালো স্যাক্সোফোন বাজাতে পারেন। শোনা যায়, জাপানি ভাষাটাও খুব ভালো পারেন? উত্তর না দিয়ে চলে গেলেন শ্মশ্রুমণ্ডিত মুখে হাসি ফুটিয়ে। এই হাসির অর্থ বোঝা গেল না।