ন্যান্সির ‘রঙ’ ৪ এপ্রিলে
ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম ‘রঙ’ বাজারে আসার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। জানা গেছে, ন্যান্সির নতুন একক রঙ বাজারে আসবে ৪ এপ্রিল। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির সিডির মোড়ক খোলা হবে। বাংলালিংকের মিউজিক স্টেশনের পর এবার অডিও সিডিতে রঙ অ্যালবামটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন ন্যান্সি।এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘মুঠোফোনে প্রকাশের পর অনেকেই অ্যালবামটির প্রশংসা করেছে। আমাদের দেশে কিন্তু এখনো সবাই সিডিতেই গান শুনতে অভ্যস্ত। তাই সবাই আমাকে জিজ্ঞেস করেছিল সিডি আকারে কবে বাজারে আসবে। মিউজিক স্টেশনে প্রকাশের পর এক ধরনের অতৃপ্তি ছিল। তবে ভাবনাটা কিন্তু মন্দ হয়নি। এখন সবার হাতে রঙ অ্যালবামের সিডিটি তুলে দিতে পারলেই হয়।’ ন্যান্সির রঙ অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। এর মধ্যে পাঁচটি গান লিখেছেন চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল সুমী। অন্য গীতিকারেরা হলেন—সুস্মিতা বিশ্বাস, মাহবুব মহসিন ও মোজাম্মেল।অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ‘ঝরা পাতা’ ও ‘ডুবেছি’ শিরোনামের গান দুটিতে যথাক্রমে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাবিব ও মিঠুন।উল্লেখ্য, সংগীতশিল্পী ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। সেই হিসাবে প্রায় তিন বছর পর আসছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম রঙ।রঙ অডিও সিডিটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।উল্লেখ্য, এর আগে ২৯ ফেব্রুয়ারি বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে রঙ অ্যালবামটি মুক্তি দেওয়া হয়।