ন্যাম ফ্ল্যাট থেকে বের হওয়ার পর যুবলীগ নেতা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ন্যাম ফ্ল্যাট থেকে বের হওয়ার পর এক যুবলীগ নেতা নিখোঁজ হয়েছেন। তাঁর নাম তারিকুল আলম ওরফে তুহিন (৩৫)। তিনি যশোর জেলার শার্শা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারিকুল যশোর-১ আসনের সাংসদ আফিল উদ্দিনের ন্যাম ফ্ল্যাটের বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো খোঁজ মেলেনি। যোগাযোগ করা হলে আফিল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুই দিন আগে তারিকুল আমার কাছে এসেছিলেন। আমি গুলশানের বাসায় থাকলেও তিনি ন্যাম ফ্ল্যাটে আমার বাসায় ছিলেন। তাঁকে নিয়েই আজ সন্ধ্যায় বিমানে রাজনৈতিক কাজে যশোরে যাওয়ার কথা ছিল। দুপুর ১২টার দিকে তিনি বাসা থেকে বের হন।’ তিনি বলেন, ‘ন্যাম ফ্ল্যাটে সিসি ক্যামেরায় ধারণ করা অংশে দেখা গেছে, তারিকুল হেঁটে ফার্মগেইটের দিকে যাচ্ছিলেন। তাঁর পরণে টি-শার্ট, স্যান্ডেল ও সাধারণ একটি প্যান্ট ছিল। তার ব্যাগসহ সবকিছু বাসায় আছে।’যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’