প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘সংবিধান সংশোধনী বিল এখন পাস হবে। তার পরও ন্যায্য কথা বললে বা সঠিক পরামর্শ দিলে পরে আবার সংবিধান সংশোধন করতে পারব। কারণ মহাজোট সরকারের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদে বাজেট আলোচনায় শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এ সময় অর্থমন্ত্রীকে কিছু বিষয়ের ওপর কর প্রত্যাহার এবং শেয়ারবাজারকে চাঙা করতে কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘উনি কি ভুলে গেছেন, ছেলেদের উত্তম-মধ্যম দিয়ে দেশছাড়া করেছে। আপনাকে দেশছাড়া করতে চেয়েছে, মনে নাই? তাহলে কোন আশায় তত্ত্বাবধায়ক সরকার চাইছেন জানি না। আমরা কি আবার সুযোগ করে দেব? আবার ঘোঁট পাকাবে? গণতন্ত্র ধ্বংস করবে? সে সুযোগ দেব না। যা করার নির্বাচিত প্রতিনিধিরাই করবে, সংসদ করবে। সেটাই নিশ্চিত করব। তাই এটা-ওটা না বলে সংসদে এসে কথা বলেন। কারও কথায় ভুলে গণতন্ত্র ধ্বংসের পথে যাবেন না। সে দিকটা লক্ষ রাখবেন।’ শেখ হাসিনা বর্তমান সরকারের সময়ে স্থানীয় সরকার ও উপনির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘কোনো নির্বাচনে আমরা প্রশাসনকে প্রভাবিত করিনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।’সংসদ নেতা বলেন, ‘২০০৮ সালের নির্বাচনকে বিরোধীদলীয় নেতা প্রশ্নবোধক করেছেন। ওই নির্বাচন অবাধ না হলে উনি কীভাবে আবার তত্ত্বাবধায়ক সরকার চান? সংবিধান সংশোধন করতে গিয়ে ১১ মাস সময় দিয়েছি। তারা কোনো প্রস্তাব দেয়নি। এত দিনেও তাদের সিদ্ধান্ত নিতে না পারার কারণ নেই।’ তিনি বলেন, গত ৪০ বছরে বিএনপি সরকারের সময় ছয়বার এবং জাতীয় পার্টির সরকারের সময় চারবার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু এবারের মতো কেউ এত ধৈর্য ধরে সংবিধান সংশোধনের পদক্ষেপ নেয়নি।শেখ হাসিনা বলেন, ‘এরশাদবিরোধী আন্দোলনের সময় পরপর তিনটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা ছিল। ’৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ক্যুর চেষ্টা ঠেকাই। তখন ওটা সফল হলে গণতন্ত্র আসত না। সে বছরের ১২ জুনের নির্বাচনে আমরা বিজয়ী হলেও তৎকালীন রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য আহ্বান জানাতে চাননি। মার্কিন কংগ্রেসম্যান স্টিফেন সোলার্জের উদ্যোগে ২২ জুন সরকার গঠনের আহ্বান জানানো হয়।’আওয়ামী লীগের সভানেত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে না এসে হোটেলে বাজেট ভাবনা প্রকাশ করলেন। হোটেলে না গিয়ে তিনি সংসদে বাজেট ভাবনা প্রকাশ করতে পারতেন। বিরোধী দল কালো টাকার বিরুদ্ধে সোচ্চার। অথচ বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর ছেলে ও অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন। এখন তাঁদের চেতন হয়েছে যে কালো টাকা সাদা করা যাবে না। এখন যাঁরা এসব বলছেন, তাঁদেরটা খোঁজ নেওয়া দরকার যে তাঁরা কত টাকা সাদা করেছিলেন।কোকো ও নাইকো দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তে বিরোধীদলীয় নেতার পরিবার দুর্নীতিতে জড়িত বলে উদ্ঘাটিত হয়েছে। তদন্তে প্রমাণিত হয়, সে টাকা সিঙ্গাপুরে গচ্ছিত আছে। একইভাবে কানাডায়ও জোট সরকারের প্রতিমন্ত্রীর নাইকো দুর্নীতির বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিকভাবে তাঁদের ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ধরা পড়ছে। স্বাভাবিকভাবে দেশের আদালতেও রায় হয়েছে। আর বিরোধীদলীয় নেতার পরিবারের বিরুদ্ধে মামলা হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়। এখানে আমার অপরাধটা কী? রায় হওয়ার আগেই ব্যানার তৈরি করেছে। পরে মিছিলের নামে তাণ্ডব করেছে।’ তিনি বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য সরকারি কোষাগার থেকে টাকা নিলেন। তাহলে কী শিক্ষা দিলেন? ছেলেদের তো কিছুই শিক্ষা দেননি। বাজেটকে উচ্চাভিলাষী বলায় সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশটা নিয়েই আমাদের উচ্চাভিলাষ। এ উচ্চাভিলাষ ব্যক্তিগত নয় বা দলেরও নয়। দেশের মঙ্গলের জন্যই এ উচ্চাভিলাষ।প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বিরুদ্ধে সমালোচনার জবাবে বলেন, ‘অনেকেই বলেন, এ মন্ত্রিসভা স্মার্ট নয়, গতিশীল নয়। তবে আমার মন্ত্রীরা দুর্নীতিতে স্মার্ট নয়, কাজে স্মার্ট। আমরা প্রতিটি সিদ্ধান্ত কার্যকর করছি।’ শেয়ারবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শেয়ারবাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনেক ব্রোকার হাউসের মালিক বিএনপির লোক। বিএনপির কোনো কর্মসূচির আগেই শেয়ারবাজারে ধস নামে। মনে হয়, এখানে কোনো খেলা আছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেয়ারবাজারের গতি বাড়ে। তবে অনেকে হুজুগের চোটে ভালো-মন্দ না দেখে বিনিয়োগ করে। হুজুগে না গিয়ে যাচাই-বাছাই করে বিনিয়োগের আহ্বান জানান তিনি।