১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গ এলে অবধারিতভাবেই এটি বাস্তবায়নের বিষয়টি চলে আসে। আসলে বাস্তবায়িত হয়েছে সামান্য, আর হয়নি অনেক।কেবল পার্বত্য চুক্তিতে যা লেখা আছে সেদিকে না তাকিয়ে চুক্তির পেছনে যে চেতনা কাজ করেছে, সেদিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই তিনটি শব্দের সরব উপস্থিতি। শব্দ তিনটি হলো—শান্তি, ন্যায়বিচার (সঙ্গে পড়ুন ‘পুনর্বাসন’) ও স্বায়ত্তশাসন (অথবা স্বশাসন)। যদিও দলিলটির কোথাও একে ‘শান্তিচুক্তি’ বলা হয়নি, তবু এটি যে ‘শান্তিচুক্তি’ হিসেবে পরিচিত হয়েছে, এতে আশ্চর্যের কিছু নেই। স্বশাসন বা স্বায়ত্তশাসন কিংবা ন্যায়বিচারের কথাও তাতে নেই। কিন্তু পার্বত্য জনসাধারণের জন্য শান্তি ছাড়া কোনো সুবিচার কিংবা স্বশাসন আসতে পারে না। আবার স্বায়ত্তশাসন ও ন্যায়বিচার ছাড়া শান্তিকে ন্যায্য বলা যায় না। চুক্তির কিছু অর্জন আছে। চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে হয়তো পুরোপুরি শান্তি কিংবা ন্যায্য শান্তি কায়েম হয়নি, কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অবসান ঘটেছে। খোলা চোখে তাকান, পার্বত্য অঞ্চলে কোনো বিদ্রোহ দেখতে পাবেন না। ইনসারজেন্সি মানে বলপ্রয়োগে দেশের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা সরকারের (অথবা সেনাবাহিনীর) বিরোধিতা। পার্বত্য অঞ্চলে এখন যে বলপ্রয়োগের ঘটনা দেখা যায়, তা কেবলই স্থানীয় আদিবাসীদের রাজনৈতিক দল জেএসএস ও ইউপিডিএফের দ্বারা আর পরস্পরের বিরুদ্ধে পরিচালিত। এসবের ফলে যোগাযোগব্যবস্থায় ব্যাঘাত ঘটছে না; সরকারি কর্মকর্তারা হামলা বা অপহরণের শিকার হচ্ছেন না। তবু দুঃখের ব্যাপার হলো, সরকার পার্বত্য চট্টগ্রামকে ‘নিরাপত্তার’ চশমা দিয়ে দেখে। এখনো সরকার পার্বত্য চট্টগ্রামে শাসন ও উন্নয়নের ‘কাউন্টার ইনসারজেন্সি’ মডেলটিই অনেকাংশে অনুসরণ করে চলেছে। সামরিক বাহিনীর শক্তিশালী উপস্থিতি আর যেসব বিষয়ে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কিংবা বিশেষ দক্ষতা নেই, সেসবেও ভূমিকা রাখতে যাওয়ার ভেতর থেকে এই মডেলের উপস্থিতি অনুভব করা যায়। যে কাজ পুলিশ ও আনসারের জন্য অধিকতর মানানসই, সে কাজে কেন আমরা জাতীয় সেনাবাহিনীকে ব্যবহার করব? আমাদের সেনা প্রশিক্ষণের উচ্চমানের কারণে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষস্থানীয়। পার্বত্য চট্টগ্রামে সেই বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা কি তাদের প্রতি অমর্যাদাকর নয়? পুলিশের কাজ তাদের দিয়ে না করিয়ে বরং তাদের আরও ভালো শান্তিরক্ষী ও সৈনিক হয়ে ওঠার ব্যবস্থা করা হোক। তা ছাড়া, চুক্তির শর্তানুযায়ী যতক্ষণ পর্যন্ত দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে পুলিশ বাহিনী গড়ে তোলা না যাবে, তত দিন পর্যন্ত এখানকার জাতিগত সংঘাত নির্মূল বা নিয়ন্ত্রণ তো দূরের কথা, কমানোও যাবে কি না সন্দেহ।অভ্যন্তরীণ পাহাড়ি উদ্বাস্তু জনগণের পুনর্বাসনের বিষয়ে কোনো অগ্রগতিই হয়নি। মৌলিক স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির লভ্যতা, প্রাথমিক শিক্ষা ও জীবিকার ব্যবস্থার মতো সুবিধা থেকেও তারা বঞ্চিত। সাজেকের অধিবাসীদের উৎপাদিত পণ্যসামগ্রী দীঘিনালা ও এর ওপারে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আদিবাসীদের বাঘাইঘাট বাজার বয়কটের অজুহাতে পণ্য পরিবহনে তাদের বাধা দেওয়া হচ্ছে। মানুষের চলাচলে ব্যাঘাত ঘটানো মানবাধিকারের লঙ্ঘন, বাজার বয়কট নয়। সাজেক ইউনিয়নে এনজিও কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চারদলীয় শাসনামলের মতোই বিদেশিরা গ্রামাঞ্চলে যেতে পারছে না। বহির্বিশ্বের কাছ থেকে কেউ কি কিছু লুকাতে চায়? চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রয়োজনীয় সরকারি বিভাগগুলোকে পার্বত্য জেলা পরিষদের অধীনে নিয়ে আসা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে প্রয়োজনীয় কর্তৃত্ব প্রদান। এটি কি এখনো বাস্তবায়ন হয়নি? তা ছাড়া, ভূমি কমিশনের দ্বারা ভূমিবিরোধ নিষ্পত্তির দুরূহ ব্যাপারটিও রয়েছে। কমিশন চেয়ারম্যানের একক হুকুমদারিমূলক কর্মকাণ্ড এবং কমিশন আইনের দুর্বলতা ভূমিবিরোধ নিষ্পত্তিকেই হুমকিতে ফেলেছে।চুক্তি বাস্তবায়ন কমিটি অবশেষে সিদ্ধান্ত নিয়েছে, কমিটির দুই আদিবাসী সদস্য (আঞ্চলিক পরিষদের ও টাস্কফোর্সের চেয়ারম্যান) একজন সরকারি কর্মকর্তার সহায়তায় চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলোকে চিহ্নিত করবেন। সংবাদটি সুখকর। তবে, যতক্ষণ পর্যন্ত না এ বিষয়টি প্রধানমন্ত্রীর যথাযথ মনোযোগ পাবে, ততক্ষণ তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা ক্ষীণ। পার্বত্য চুক্তি স্বাক্ষর করে শেখ হাসিনা ইউনেসকো পুরস্কার পেয়েছিলেন। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ও ন্যায্য শান্তি তাঁর নেতৃত্বেই আসুক। তাঁর নেতৃত্ব, সরকার ও দেশের জন্য আরও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব।মনে রাখা দরকার, পার্বত্য চুক্তি অনেকগুলো দলিলের একটি। জাতীয় সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার এবং পরিবেশবিষয়ক নানা চুক্তিসহ পার্বত্য জনগণের প্রথাগত আইনসহ অধিকারের আরও অনেকগুলো দলিল আছে। সে সবই অধিকারকেন্দ্রিক। আরও মনে রাখা দরকার, সাংবিধানিক সুরক্ষা, সংঘাতের ফলে ক্ষতিগ্রস্তদের মনস্তাত্ত্বিক পুনর্বাসন, সরকারি পৃষ্ঠপোষকতায় বাঙালি অভিবাসীদের সমতলে স্বেচ্ছা-পুনর্বাসনের প্রশ্ন এবং লিঙ্গ সমতার জায়গা থেকে দেখার মতো নানা বিষয় চুক্তিতে আসেনি। চুক্তিটিকে যদি এর চেতনার দিক থেকে নিই, তাহলে আমি নিশ্চিত যে আমরা পার্বত্য চট্টগ্রামে ন্যায্য শান্তি প্রতিষ্ঠা এবং দীর্ঘকাল অবহেলিত থাকা এই অঞ্চলে আত্মনিয়ন্ত্রিত উন্নয়নের সূচনা করতে পারব।দেবাশীষ রায় ওয়াংজা: চাকমারাজ, (পার্বত্য চট্টগ্রাম ও খাগড়াছড়ির চাকমা সার্কেলের প্রধান) আইনজীবী ও জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থানীয় ফোরামের সদস্য