বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে পাকিস্তানের কাছ থেকে আজও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। ১৯৭৭ সাল থেকে এ নিয়ে বহুবার আলাপ-আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। জাতীয় সংসদে আজ সোমবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।সাংসদ মতিউর রহমানের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের পঞ্চম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং বাংলাদেশের সম্পদের ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়।জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে না বলে ভারত থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যে কারণে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেনি। মেহের আফরোজের প্রশ্নের জবাবে তিনি জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তত্পরতা অব্যাহত রয়েছে। দেশে ফিরিয়ে আনার স্বার্থে খুনিদের কে কোথায় অবস্থান করছেন, তা প্রকাশ করা হচ্ছে না।নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার ৩৬ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে মালয়েশিয়ায় আছেন সর্বোচ্চ এক হাজার ৯০০ জন।পররাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তাঁর হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তারানা হালিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা হয়েছে। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধেও বিদেশে অর্থ পাচারের মামলা হয়েছে। মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার চোরাচালানকারী গডফাদারদের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে।