ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে রাজি মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সমুদ্রসীমা আইনসংক্রান্ত সনদের (আনক্লস) ধারা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ‘ন্যায্যতার’র ভিত্তিতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির সমাধানে রাজি হয়েছে মিয়ানমার। সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ফলে বাংলাদেশের দীর্ঘদিনের দাবিটি মেনে নিয়েছে মিয়ানমার। এর ফলে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির বিষয়ে দুই নিকট-প্রতিবেশীর সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দূর হচ্ছে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ শনিবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, কারিগরি পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সমদূরবর্তীর পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে বিরোধ মীমাংসার নিষ্পত্তি হবে। কারণ, দুই দেশের কর্মকর্তারা মনে করেন, এর ফলে একটি ন্যায্য ও যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে। কর্মকর্তাদের এ সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় সমুদ্রসীমা থেকে ২০০ মাইলের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫০ মাইলের মহীসোপান নির্ধারণের পথ সুগম হচ্ছে। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কোনো ছাড় দিয়েছে কি না, প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, এখানে ছাড়ের কোনো প্রশ্ন আসছে না। বরং বলা যেতে পারে, কোন নীতির মাধ্যমে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হবে, সে ব্যাপারে বাংলাদেশের জয় হয়েছে।