প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় গত ফেব্রুয়ারি পর্যন্ত কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে ৩৫ হাজার ৮৫২ জনের কর্মসংস্থান করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হবে। দেশের একটি ছেলেমেয়েও যাতে বেকার না থাকে সে লক্ষ্যে এ কর্মসূচি শুরু করা হয়েছে। এ সার্ভিসের অধীন প্রশিক্ষণের পর কাজ দেওয়া হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে সাংসদ গোলাম ফারুক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী জানান, তিনটি জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় চাকরির জন্য ৬৬ হাজার ৪৭১ জন যুবক ও যুব মহিলা অস্থায়ী কর্মসংস্থানের জন্য আবেদনকরেছেন। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় ৩৫ হাজার সাতজন, বরগুনা জেলায় ১২ হাজার ৭০ জন এবং গোপালগঞ্জ জেলায় ১৯ হাজার ৩৯৪ জন আবেদন করেন। এ তিনটি জেলার পর রংপুর বিভাগের বাকি সাতটি জেলায় এ কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি শুধু চাকরির নিশ্চয়তা নয়, প্রশিক্ষণ দিয়ে যুবকদের তৈরি করার কৌশলও।অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গত দুই বছরে দুই লাখ ২১ হাজার লোক সরকারি চাকরি পেয়েছেন।গাজীপুরের সাংসদ মেহের আফরোজ চুমকির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে সরকারের মোট ৪৭৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হবে এবং ২০১০-১১ অর্থবছরে এ উপলক্ষে ৪২৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।তথ্য অধিকার-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশব্যাপী বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে ২৯ হাজার ৩৯৫টি তথ্য প্রাপ্তির আবেদন দাখিল করা হয়েছে।এর মধ্যে ২৮ হাজার ৮৭৯টি আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৫১৬টি আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য সরবরাহ করা হয়নি। তথ্য না পাওয়ায় ক্ষুব্ধ ব্যক্তিরা তথ্য কমিশনে ২৩টি অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।