ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়! আমার এর আগেই দুবার যাওয়া সারা। দুবারই মাথায় ‘বেল’ পড়েছে। তার পরও জেনেশুনেই তৃতীয়বারের মতো সেই বেলতলায়। এবারও ‘বেল’ পড়ল। পার্থক্য বলতে, মাথার বদলে কাঁধে!হেঁয়ালি মনে হচ্ছে? তাহলে ঘটনাটা খুলেই বলি। বাংলাদেশে জিম্বাবুয়ের কোনো দূতাবাস নেই। ‘অন অ্যারাইভাল’ ভিসাই তাই ভরসা। আমি এর আগে তিনবার এসেছি। ২০০১ সালে, প্রথমবারই শুধু কোনো সমস্যা হয়নি। ২০০৪ ও ২০০৭—পরের দুবারই মহা সমস্যা। প্রথমবার আটকা পড়লাম জোহানেসবার্গ বিমানবন্দরে। পরেরবার দোহায়।২০০১ সালের অভিজ্ঞতার ভরসায় ২০০৪ সালে বীরদর্পে একাই রওনা দিয়েছি। জো’বার্গ থেকে হারারের বিমানের বোর্ডিং পাস নিতে গিয়ে আটকে দিল ব্রিটিশ এয়ারওয়েজ। যতই বলি, তিন বছর আগেই ‘অন অ্যারাইভাল’ ভিসা নিয়ে জিম্বাবুয়ে ঘুরে এসেছি, পাথুরে মুখের তরুণীর একটাই কথা—আগের কথা বাদ দাও। তোমাকে যে ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়া হবে, জিম্বাবুইয়ান ইমিগ্রেশন থেকে এই চিঠি ছাড়া বিমানে উঠতে পারবে না। পারলাম না তো পারলামই না। নিজেকে দুর্ভাগা ভেবে যখন ভাগ্যকে শাপশাপান্ত করছি, তখনই সৌভাগ্যের দূত হয়ে দেখা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন প্রধান নির্বাহী মকবুল হোসেন দুদিয়া। কেপটাউনে আইসিসির কী একটা মিটিং করে ঢাকায় ফিরছিলেন, নিতান্তই সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেল। তাঁর ফ্লাইটের সময় হয়ে গেছে। এর মধ্যেও ভদ্রলোক জো’বার্গের জিম্বাবুইয়ান দূতাবাসে ফোন-টোন করে আমাকে উদ্ধার করতে অনুরোধ করলেন। দূতাবাসের একটা নাম্বার দিয়ে ‘বেস্ট অব লাক’ বলে উঠে গেলেন বিমানে। আমি উঠতে পারলাম আরও ২৪ ঘণ্টা পর। ওই নম্বরে গোটা দশেক কল, নানা রকম জেরা এবং ট্রানজিট হোটেলে রাত্রিযাপনের পর। জিম্বাবুয়ের দূতাবাস থেকে একজন হাতের আঙুলে ভিসার কাগজটা লাগিয়ে বিমানবন্দরে এসে আমার পাসপোর্টে তা লাগিয়ে দেওয়ার পরই বিমানে উঠতে দিল ব্রিটিশ এয়ারওয়েজ। ন্যাড়া একবারই বেলতলায় যায়, ২০০৭ সালে তাই খুব সাবধান। জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় থেকে ‘অন অ্যারাইভাল’ ভিসার নিশ্চয়তা-সংবলিত চিঠি ছাড়া রওনা হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আজ না কাল করতে করতে সেই চিঠি আর গেলই না। বাংলাদেশ দলের সঙ্গে একই ফ্লাইটে আসছি, একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে ভরসা করে উঠে গেলাম বিমানে। কিন্তু দোহা থেকে জো’বার্গের বিমানে আর উঠতে পারলাম না। কথা একটাই—ভিসা যে পাবই, সেই কাগজ কই? ব্যস্তসমস্ত হয়ে বিসিবিতে ফোন করি, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে...এর মধ্যে বিমান ছেড়ে দিল এবং বাংলাদেশ দল দিব্যি চলে গেল। আটকা পড়লাম আমরা বাংলাদেশের দুই সাংবাদিক। আগেরবার তাও ট্রানজিট হোটেলে রাত কেটেছিল, এবার বিমানবন্দরেই সারা রাত নির্ঘুম বসে থাকা। পরদিন সকালে জিম্বাবুয়ে থেকে দোহায় কাতার এয়ারওয়েজে চিঠি যাওয়ার পরই ওদের সন্দেহভরা দৃষ্টি থেকে ‘মুক্তি’ মিলল। আবারও নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর হারারেতে পা রাখা।মজার ব্যাপার (?) হলো, ওই দুবার বাংলাদেশের অন্য সাংবাদিকেরা নির্বিঘ্নেই হারারে পৌঁছে গেছেন। আমার দুর্ভাগ্য নিয়ে হাসাহাসিকে তাই খুব একটা অন্যায় বলতে পারিনি। দুবার ‘বেলতলায়’ এই অভিজ্ঞতার পর এবার ওই কাগজ ছাড়া রওনা না হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু ভাগ্যে থাকলে ঠেকাবে কে! বিসিবির মিডিয়া ম্যানেজারকে ফোনে অবিরত তাগাদা, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ই-মেইলের পর ই-মেইল—তার পরও সেই কাগজ আর হস্তগত হলো না। ‘যা থাকে কপালে’ বলে আবারও রওনা হয়ে গেলাম। এবার দোহায় লম্বা বিরতি। দারুণ একটা হোটেলে খুব ভালো কাটল দিন-রাত। পরদিন সকালে জো’বার্গের প্লেনে উঠতে গিয়ে চার বছর আগের নাটকের পুনরাবৃত্তি। এবার ঘটনা আরও জটিল। শুধু জিম্বাবুয়ের ভিসাই নয়, কাতার এয়ারওয়েজের নিরাপত্তা বিভাগের লোকজন কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করে দেখিয়ে দিলেন, নতুন নিয়ম হয়েছে, জো’বার্গ হয়ে জিম্বাবুয়েতে যেতে হলে দক্ষিণ আফ্রিকার ট্রানজিট ভিসা লাগবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল তো ট্রানজিট ভিসা ছাড়াই যাচ্ছে বলে জানি। কাউন্টারের শ্রীলঙ্কান ছেলেটি গম্ভীর মুখে জানাল, ‘কে বলল, যাচ্ছে? ওরাও তো বসে আছে।’ আমার সামনেই ফোন করে আমাদের তিন সাংবাদিকের মতো বাংলাদেশ দলের লাগেজও প্লেন থেকে নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো। বিস্ময়ও প্রকাশ করা হলো বারবার—বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম যাচ্ছে, অথচ তাদের আগে কিছুই জানানো হলো না কেন!প্রশ্নটা আমারও। তার চেয়েও বড় প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার ট্রানজিট ভিসা লাগবে, বিসিবি এটা জানবে না কেন? আপাতত অবশ্য একটা বড় স্বস্তি—বাংলাদেশ দলও যখন একই গ্যাঁড়াকলে, আমাদের তিন সাংবাদিকেরও ব্যবস্থা একটা হবেই। অনেক নাটকের পর তা হলোও। দোহায় বাংলাদেশ দূতাবাসে কেউ ফোন ধরে না, দক্ষিণ আফ্রিকান দূতাবাসেও না। ধরবে কীভাবে, এত সকালে অফিসই তো শুরু হয়নি। শেষ পর্যন্ত প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় জো’বার্গ বিমানবন্দরে ট্রানজিট ভিসা পাওয়ার নিশ্চয়তা পাওয়ার পর বিমানে উঠতে দেওয়া হলো সবাইকে। বিমানবন্দরে সেই ভিসা লাগল সবার পাসপোর্টে।হারারেতে নামার পর বাংলাদেশ দল দ্রুতই বিমানবন্দর থেকে বেরিয়ে গেল। কিন্তু আমাদের তিন সাংবাদিকের দুর্ভোগ তখনো বাকি ছিল। মন্ত্রণালয়ের ওই চিঠি ছাড়া ইমিগ্রেশন জিম্বাবুয়েতে ঢুকতে দেবে না। জিম্বাবুয়ে ক্রিকেটের মহাব্যবস্থাপক লাভমোর বান্ডা কালো মুখ আরও কালো করে একে-ওকে ফোন করতে লাগলেন। এর মধ্যে আমার কিছু ‘ঝাড়ি’ও খেতে হলো বেচারাকে। এত দেশে গেলাম, কোথাও কোনো সমস্যা হয়নি। শুধু জিম্বাবুয়ের বেলায়ই বারবার এমন অপদস্থ হওয়া। জিম্বাবুয়েতে আর আসবই না। আমার চিৎকার-চেঁচামেচির চেয়ে জিম্বাবুয়ের অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের কথা চিন্তা করেই কিনা, শেষ পর্যন্ত এই ‘মহান’ দেশে প্রবেশের অনুমতি মিলল! ততক্ষণে হারারে বিমানবন্দরে আমাদের আরও ঘণ্টা তিনেক কাটানো হয়ে গেছে। হোটেলে ঢোকার পর হিসাব করে দেখলাম, ঢাকার বাসা থেকে বেরিয়েছি প্রায় ৪৫ ঘণ্টা আগে!