ন্যাড়া মাথা নিয়ে গ্রাম ছাড়তে হলো সেই গৃহবধূকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য সালিসের শিকার সেই গৃহবধূকে মামলা তুলে নেওয়ার জন্য মাতব্বরেরা ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাণভয়ে গ্রাম ছাড়তে হয়েছে ওই গৃহবধূ ও তাঁর পরিবারকে।ভুক্তভোগী ওই গৃহবধূ অভিযোগ করেন, মাতব্বরদের নেতা সাদেক হোসেন বাবু তাঁকে ও তাঁর মা-বাবাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সাংবাদিকদের তথ্য দেওয়ায় তাঁর ছোট বোনকেও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।জানা যায়, প্রায় ১৪ বছর আগে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎ ইউনিয়নের বিনাহালী গ্রামের ওই গৃহবধূর (২৮) বিয়ে হয় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া অর্জুনগাড়ী গ্রামে। তাঁদের সংসারে চার সন্তান। বছর পাঁচেক আগে কাজের সন্ধানে তাঁরা ঢাকায় যান। সেখানে পোশাক কারখানায় যোগ দেন স্বামী-স্ত্রী।গৃহবধূ অভিযোগ করেন, স্বামী একপর্যায়ে কাজ ছেড়ে তাঁর আয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। নেশার জন্য বিভিন্ন সময়ে তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে তাঁর ওপর চালানো হতো অমানুষিক নির্যাতন। ঢাকায় প্রচুর ধারদেনা হয়ে গেলে একপর্যায়ে স্বামী তাঁদের (স্ত্রী-সন্তান) ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। গ্রামে গিয়ে তাঁর বিরুদ্ধে নানা কুৎসা রটাতে থাকলে একপর্যায়ে তাঁদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।জানা গেছে, ওই গৃহবধূ গত শুক্রবার ঢাকা থেকে তাঁর বাবার বাড়ি বিনাহালী গ্রামে যান। এই সুযোগে স্বামী তাঁর বিরুদ্ধে ঢাকায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে সেখানে রাতেই সালিস বৈঠক বসান। সালিসে তাঁকে দোষী সাব্যস্ত করে প্রধান মাতব্বর সাদেক হোসেন তাঁর মাথার চুল কাঁচি ও ব্লেড দিয়ে চেঁছে ন্যাড়া করে দেন। এতে অন্য মাতব্বর উজ্জ্বল, মোজাফফর, শফিকুল ও তাঁর স্বামী সহযোগিতা করেন।গৃহবধূর ছোট বোন বলেন, গ্রামের মাতব্বরদের হাত-পা ধরার পরও তাঁরা তাঁর বোনের চুল কেটে দিয়েছেন।গ্রামবাসী জানান, গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে ও তাঁর মা-বাবাকে দুই দিন বাড়িতে আটকে রাখা হয়। রোববার রাতে তাঁরা কৌশলে পালিয়ে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলায় গিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।বিষয়টি জেনে ব্র্যাকের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস শাখার ব্যবস্থাপক বিলকিস বানু ওই গৃহবধূকে তাঁর হেফাজতে নেন এবং সোমবার তাঁর সহযোগিতায় আদমদীঘি থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।গত সোমবার দুপুরে বিনাহালী গ্রামে গিয়ে গৃহবধূর স্বামীসহ অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাতব্বর সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘তাঁর (গৃহবধূ) চরিত্র ভালো নয়। সে ঢাকায় গিয়ে আর যেন খারাপ কাজ করতে না পারে, সে জন্য তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে।’জানতে চাইলে নশরৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে যাঁরা এ ধরনের অমানবিক কাজ করেছেন, তাঁদের বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।আদমদীঘি থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস শাখার ব্যবস্থাপক বিলকিস বানু বলেন, ভুক্তভোগী গৃহবধূকে ব্র্যাকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।