ন্যায় ও সমাজ রূপান্তরই ছিল লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শোষণমুক্ত মানবতাবাদী বৈশিষ্ট্য এ দেশের সাধারণ মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি আনবে, বৈষম্য দূরীভূত হবে, সুযোগের সমতা বৃদ্ধি পাবে—এই লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। চেয়েছিলাম দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল, রূপান্তরকরণ কীভাবে ঘটানো যাবে। সে ক্ষেত্রে আমরা একটি নীতি গ্রহণ করেছিলাম। ৮০ হাজার নিয়মিত সদস্যসহ মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় দুই লাখ। স্বাধীনতার পর প্রতিটি ক্যাম্পের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করে রাখা—এটা সম্বল করেই জাতি গঠনের স্বপ্ন দেখেছিলাম। সেই জাতির মধ্যে একটি দার্শনিক চিন্তাধারার পাশাপাশি জাতীয়তাবাদের একটা মানবিক রূপ এবং অর্থনৈতিক পরিবর্তন ইত্যাদি আনার জন্য এই চিন্তা আমরা করেছিলাম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথম যে বৈঠক হয়েছিল, সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছিল। ক্যাম্প রেখে দেওয়ার পরিকল্পনা ছিল। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে আমরা ফিরে পেয়েছিলাম ঐক্য ও নিরাপত্তা। তখন সবকিছু ছাপিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে থাকা অস্ত্র সংগ্রহ করাই সবচেয়ে বড় উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়ে পরিণত হলো। বঙ্গবন্ধু তখন দেখলেন, আইনশৃঙ্খলা রক্ষা করায় অস্ত্র উদ্ধারই সবচেয়ে জরুরি। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্র সমর্পণই জনপ্রিয় উদ্যোগে পরিণত হলো। একাত্তরে আমরা প্রমাণ করেছি, প্রচণ্ড দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও মানবিকতাসম্পন্ন হয়ে প্রস্তুতি গ্রহণের যে বীজ, সেটা আমাদের সমাজে রয়ে গেছে। এখন সেটাকে নাড়া দিতে হবে; বঙ্গবন্ধু যেমনটা দিতে পেরেছিলেন। প্রত্যেক বাঙালির মধ্যেই একটা সততা ও মানবিকতাবোধের অঙ্কুর আছে। স্কুলের শিক্ষক, পরিবারের সদস্যরা চাইলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে সেই অঙ্কুর বিকশিত হতে পারে। ভিয়েতনাম ও চীনে এ ধরনের সামাজিক চরিত্র গঠনে সহায়ক হয়েছে। বাংলাদেশে এটা গড়ে তোলার ব্যাপারে পূর্ণ উপাদান রয়েছে।