গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। ইউনূসের প্রতি ফরাসি সরকারের দৃঢ় সমর্থনের ঘোষণা দিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালান জুপ্পে গত বুধবার বলেন, ইউনূসের প্রতি ন্যায়বিচার দেখতে চায় ফ্রান্স। এ ছাড়া ইউনূসের ব্যাপারে স্পেনও উদ্বেগ প্রকাশ করেছে।এ ছাড়া গ্রামীণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সংগঠন ‘ফ্রেন্ডস অব গ্রামীণ’-এর কমিটিতে যোগ দিয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ও সাবেক প্রধানমন্ত্রী মিখায়েল রোচার্ড।ফ্রেন্ডস অব গ্রামীণের এক বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা রক্ষায় পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপ্পে যে সমর্থন দিয়েছেন, তাতে তারা খুবই খুশি।বিবৃতিতে জানানো হয়, এমপি জেরমি চার্টিয়ার পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থেই বাংলাদেশ সরকার অধ্যাপক ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী জুপ্পে বলেন, ড. ইউনূস ক্ষুদ্রঋণের উদ্ভাবক। সব সময় ক্ষুদ্রঋণের সঙ্গে তাঁর নাম একই সঙ্গে উচ্চারিত হবে। দারিদ্র্য দূরীকরণ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণকে একটি সফল মাধ্যম হিসেবে বিশ্বব্যাপী সবাই সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছে।গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে ইউনূসকে সরিয়ে দিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং এ বিষয়ে আদালতের রায়ে উদ্বেগ প্রকাশ করেন জুপ্পে। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, মুহাম্মদ ইউনূসের বিষয়ে ন্যায়বিচার দেখতে চায় ফ্রান্স।’এ ছাড়া শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতির ঘটনায় স্পেনও উদ্বেগ প্রকাশ করেছে। স্পেনের রাজধানী মাদ্রিদে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোরায়া রদ্রিগেজ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করছি, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি গ্রহণযোগ্য সমাধান হবে। আগামী নভেম্বর মাসে ভোল্লাদোলিদে আমরা যখন ক্ষুদ্রঋণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন করব, তখন যেন এ ঘটনা শুধুই অতীত ঘটনার অংশ হয়ে যায়।’রদ্রিগেজ গত মাসে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন এবং তাঁর প্রতি স্পেন সরকারের সমর্থনের বিষয়টি জানিয়ে দেন। বিজ্ঞপ্তি।