ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা আবারও জানালেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অথবা তা প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবেদনে তিনি ন্যায়বিচার না পাওয়ার ব্যাপারে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর এ আবেদন গতকাল মঙ্গলবার সকালে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন তাঁর আইনজীবীরা। আদালত এ আবেদনের ওপর আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন।আবেদনে বলা হয়, ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আবেদনকারীর (খালেদা জিয়া) করা আবেদনটি ১৩ এপ্রিল খারিজ করে দেওয়া হয়েছে। আবেদনকারী আশঙ্কা করছেন, তিনি এ আদালতে ন্যায়বিচার পাবেন না। এ আদালতের প্রতি তাঁর আস্থা নেই। সকালে তাঁর আইনজীবী রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব উদ্দিন খোকন লিখিত আবেদনটি উপস্থাপন করেন। আদালত শুনানির কথা জানালে আইনজীবীরা দুই দিন সময় চান। পরে আদালত আজ শুনানির দিন ধার্য করেন।খালেদা জিয়ার রিটের চূড়ান্ত শুনানি পেছানো নিয়ে গত ১১ এপ্রিল এই বেঞ্চে ব্যাপক হট্টগোল হয়। আদালত ওই দিন সময়ের আবেদন নাকচ করে খালেদা জিয়ার আইনজীবীদের ১৩ এপ্রিলের মধ্যে এ বিষয়ে লিখিত আবেদন করতে বলেন। ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে খালেদা জিয়া ১৩ এপ্রিল একটি আবেদন করলে ওই দিনই আদালত তা খারিজ করে দেন। ওই দিন রিটের চূড়ান্ত শুনানির জন্য ৪ মে দিন ধার্য করা হয়। গতকাল রিটটি শুনানির জন্য দৈনন্দিন কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ছিল।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, এ আদালতে আবেদনকারী (খালেদা জিয়া) ন্যায়বিচার পাবেন না। তাই কার্যতালিকা থেকে রিটটি বাদ দেওয়া নতুবা প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য খালেদা জিয়া আবেদন করেছেন। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে ২৭ মে আদালত সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি হওয়ার কথা ছিল গতকাল।