ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করায় খালেদা জিয়ার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া তাঁর সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়ার সরকারি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদনটির ব্যাপারে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করায় হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন। আজ বুধবার সকালে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি সেনানিবাসে খালেদা জিয়ার বাড়ি নিয়ে করা মূল রিট আবেদনের শুনানি সাত দিনের জন্য মুলতবি ঘোষণা করেছেন আদালত।খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা ব্যক্ত করলে হাইকোর্ট আজ আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। আবেদনটি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অথবা প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য গতকাল মঙ্গলবার আবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে তিনি ন্যায়বিচার না পাওয়ার ব্যাপারে আবারও আশঙ্কা প্রকাশ করেন। আবেদনে বলা হয়, ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আবেদনকারীর (খালেদা জিয়া) করা আবেদনটি ১৩ এপ্রিল খারিজ করে দেওয়া হয়। আবেদনকারী আশঙ্কা করছেন, তিনি এ আদালতে ন্যায়বিচার পাবেন না। এ আদালতের প্রতি তাঁর আস্থা নেই। তাঁর আইনজীবী রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব উদ্দিন খোকন লিখিত আবেদনটি গতকাল মঙ্গলবার সকালে হাইকোর্টে উপরিউক্ত বেঞ্চের কাছে উপস্থাপন করেন। আদালত শুনানির কথা জানালে খালেদা জিয়ার আইনজীবীরা দুই দিন সময় চান। পরে আদালত আজ শুনানির দিন ধার্য করেন।গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ২৭ মে ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।