ন্যায়বিচার নিয়ে শঙ্কায় স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার দুই বছর হতে চললেও বিচার না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বজনেরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন জানিয়েছেন।২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত অবস্থায় বেঁচে যায় আল আমিন নামের এক কিশোর। নিহত ছয়জন হলো ইব্রাহিম খলিল, শামস রহিম, মনিফ সিতাব, তৌহিদুর রহমান, কামরুজ্জামান ও টিপু সুলতান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত টিপু সুলতানের বাবা আবদুর রশিদ, কামরুজ্জামানের বাবা আবদুল কাদের, ইব্রাহিম খলিলের মা বিউটি বেগম, তৌহিদুর রহমানের মা শাহানুর বেগম, প্রত্যক্ষদর্শী আল আমিনসহ কয়েকজন।আল আমিনের অভিযোগ, ১৫ থেকে ১৭ জন মিলে তার বন্ধুদের হত্যা করেছে। কিন্তু সিআইডি ও র্যাবের দেওয়া অভিযোগপত্রে আসামি করা হয়েছে ৬০ জনকে। এটি মামলা ‘হালকা করার’ প্রয়াস বলে মনে করেন নিহত ছাত্রদের স্বজনেরা।আবদুল কাদের বলেন, অভিযোগপত্রভুক্ত ২৬ জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তাঁদের ২০ জনই পরে জামিনে মুক্তি পান। তিনি বলেন, ছয় ছাত্রকে হত্যার পরে বালু ব্যবসায়ী আবদুল মালেকসহ ছয়জন উল্টো তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন। সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই বাদীদের বিরুদ্ধে একটি মামলা করে রাষ্ট্র। সেই মামলার আসামিরাও সবাই জামিনে মুক্ত হয়ে গেছে। সেই মামলার আসামি আকিল উদ্দীনকে বয়োবৃদ্ধ দেখিয়ে আদালত থেকে জামিন নেওয়া হয়েছে। অথচ তিনি মধ্যবয়সী। আবদুল কাদের বলেন, ‘আমরা ন্যায়বিচারের আশা দেখছি না। সবই খুব ধীরে চলছে। আসামিরা জামিনে বের হয়ে যাওয়া আমাদের জীবনের জন্য হুমকি। তাই নিহতদের পরিবার সবাই চায় মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হোক।’ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েকবার সাক্ষাতের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন নিহত টিপু সুলতানের মা কাজী নাজমা সুলতানা। কিন্তু এখনো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মেলেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।ছয় ছাত্রকে হত্যার পরে সাভার থানার পুলিশ অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা করে। সেই মামলা তদন্ত করে গত বছর ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে নিহত ছাত্রদের স্বজনেরা সেই অভিযোগপত্রে ‘নারাজি’ দিলে আদালতের নির্দেশে তদন্তভার পায় র্যাব। স্বজনদের অভিযোগ, র্যাবও সিআইডির আদলে ৬০ জনকে আসামি করেই অভিযোগপত্র দিয়েছে; যা তাঁদের হতাশ করেছে।