সাভারের আমিনবাজারের বড় বরদেশী গ্রামে ছয় ছাত্র হত্যার ঘটনায় ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের অভিভাবকেরা। আজ রোববার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ছয় ছাত্রের অভিভাবকেরা এ উদ্বেগের কথা জানান।২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে বড় বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁরা হলেন ইব্রাহিম খলিল, শামস রহিম, মানিক সিতাফ, তৌহিদুর রহমান, কামরুজ্জামান ও টিপু সুলতান।নিহত ইব্রাহিম খলিলের মা বিউটি আক্তার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘১৭ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সেদিন রাতে আমার ছেলেসহ আরও পাঁচজনকে মেরে ফেলে। কিন্তু চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি র্যাবের অভিযোগপত্রে ৬০ জনকে আসামি দেখিয়ে মামলাটি হালকা করে দেওয়া হয়েছে। এতে প্রকৃত খুনিরা শাস্তি পাবে না।’মামলার প্রধান আসামি আকিল উদ্দিন প্রকৃত বয়স লুকিয়ে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন বলে দাবি করেন নিহত কামরুজ্জামানের বাবা আবদুল কাদের। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুই বছর হতে চলল, এখনো সন্তান হত্যার বিচার পাইনি। বিচার তো দূরে থাক, মূল আসামি জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দম্ভ করে বলছে, দশ-পনেরোটা মাইর্যা ফালানো কোনো ব্যাপার না।’ সংবাদ সম্মেলনে অন্য অভিভাবকেরাও এ হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন তোলেন।ওই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আল আমিন দাবি করেন, তিনি প্রাণহানির আশঙ্কায় ভুগছেন। ছয় ছাত্র হত্যার মামলাটি দ্রুতবিচার আদালতে বিচারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট অভিভাবকেরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর তাঁদের ছেলেদের বিরুদ্ধে ডাকাতি মামলা দেওয়া হয়েছিল। পরে বিচার বিভাগীয় ও পুলিশি তদন্তে নিহত ছয়জন নির্দোষ প্রমাণিত হন। সরকার বাদী হয়ে মামলা করায় এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখন এর বিচার-প্রক্রিয়া চলছে ধীরগতিতে। ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েকবার সাক্ষাতের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন নিহত টিপু সুলতানের মা কাজী নাজমা সুলতানা। কিন্তু এখনো প্রধানমন্ত্রীর সাক্ষাত্ মেলেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।