ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘পুরো বিচারিক জীবনে বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি।’ তিনি বলেন, মামলাজট নিরসন করা না গেলে হয়তো একসময় বিচারব্যবস্থা ভেঙে পড়বে। এই জট নিরসনে তাই আইনজীবী ও বিচারপতিদের এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার ট্রুথ কমিশন নিয়ে আবেদন খারিজের পর আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে আইনজীবীদের এক অনানুষ্ঠানিক সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।আজ মঙ্গলবার দেশের ১৯তম প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাচ্ছেন। গতকালই ছিল তাঁর শেষ কর্মদিবস। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তাঁর ১৮ মে শপথ নেওয়ার কথা।সাধারণত আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু বিচারপতি খায়রুল সংবর্ধনা গ্রহণ করেননি। তবে আপিল বিভাগে ১ নম্বর মামলা নিষ্পত্তির পর জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দাঁড়িয়ে প্রধান বিচারপতির উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন।বিচারপতি খায়রুল হক বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমি বিচারকাজ করছি। এই পুরো বিচারিক জীবনে আমি ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি চলে যাওয়ার পর বিচারব্যবস্থা নিয়ে ভালো কিছু শুনলে আমার ভালো লাগবে। আর খারাপ কিছু শুনলে কষ্ট লাগবে।’ তিনি আরও বলেন, ‘আজ আমার শেষ কর্মদিবস। তবে আমৃত্যু সুপ্রিম কোর্টের সঙ্গে থাকব।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আপনি অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়ে গেছেন। এসব কারণে বিচারিক ইতিহাসে আপনি স্মরণীয় হয়ে থাকবেন।’গত বছরের ৩০ সেপ্টেম্বর বিচারপতি এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৯৯৮ সালের এপ্রিল মাসে তিনি হাইকোর্টের বিচারপতি হন। ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। খায়রুল হক ১৯৪৪ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। আজ মঙ্গলবার তাঁর বয়স ৬৭ বছর পূর্ণ হবে। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী মামলা, স্বাধীনতার ঘোষক মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।দুই বিচারপতির শপথ: আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন দুই বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও মো. শামসুল হুদা শপথ নিয়েছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পর্যায়ক্রমে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলামের পরিচালনায় জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান হয়। এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। তবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের অনেককেই দেখা যায়নি।শপথ গ্রহণের পর নতুন দুই বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কোনো সংবর্ধনা দেয়নি। সমিতির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃত্বে রয়েছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক দুই বিচারপতিকে সংবর্ধনা দেন। ১ নম্বর বিচারকক্ষে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।