ন্যায়বিচার হয়েছে—বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ওসামা বিন লাদেনকে হত্যার মধ্য দিয়ে ন্যায়বিচার হয়েছে। আমার নির্দেশে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করা হয়েছে। বিন লাদেনের লাশ এখন মার্কিন হেফাজতে আছে।’ ওবামা বলেন, এর মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, আমেরিকা চাইলে যেকোনো কাজ সফলভাবে করা সম্ভব। গত রোববার মধ্যরাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।ওবামা বলেন, ‘১০ বছর আগের একটি রৌদ্রকরোজ্জ্বল দিন একটি নৃশংস হামলায় তমসাচ্ছন্ন হয়ে পড়েছিল।...সেই ছবি এখনো আমাদের স্মৃতিতে মিশে আছে। ছিনতাই করা বিমান মেঘহীন আকাশ চিরে টুইন টাওয়ারে আঘাত হেনে সেটিকে কীভাবে মাটিতে মিশিয়ে দিয়েছিল, পেন্টাগন থেকে পাক খেতে খেতে ওঠা ধোঁয়ার কুণ্ডলী কীভাবে চারপাশটা অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছিল, কীভাবে পেনসিলভানিয়ায় ফ্লাইট ৯৩-এর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল —এসব ছবি আমরা দেখেছি।...প্রায় তিন হাজার মার্কিন নাগরিককে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।’ওবামা বলেন, নয়-এগারোর ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র জানতে পারে, ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদাই এ হামলা চালিয়েছিল। তখন থেকেই যুক্তরাষ্ট্র তাঁকে জীবিত অথবা মৃত ধরার চেষ্টা চালায়। কিন্তু লাদেন এত দিন নিজেকে বাঁচিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করে ছিলেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পরপরই লাদেনকে জীবিত অথবা মৃত ধরার জন্য সিআইএর পরিচালক লিওন প্যানেত্তাকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘আজ (রোববার) পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি কম্পাউন্ডে আমার নির্দেশে মার্কিন সেনাদের একটি ক্ষুদ্র সাহসী ও দক্ষ দল অভিযান চালায়। ওই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। কোনো বেসামরিক লোকও হতাহত হয়নি। সংক্ষিপ্ত এক বন্দুকযুদ্ধ শেষে তারা লাদেনকে হত্যা করে এবং তাঁর লাশ নিজেদের হেফাজতে নিয়ে আসে।’ওবামা বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইসলামের বিরুদ্ধে ছিল না এবং ভবিষ্যতেও যাবে না। তিনি দাবি করেন, লাদেন মুসলমানদের নেতা ছিলেন না, একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ছিলেন মাত্র। তাঁর হাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বহু মুসলমানও মারা গেছে। এ কারণে যারা বিশ্বশান্তি ও মানবতায় বিশ্বাস করে, তাদের প্রত্যেকেরই লাদেনের মৃত্যুর ঘটনাকে স্বাগত জানানো উচিত। ওবামা বলেন, ‘আমি মনে করি, বিন লাদেন তাঁর প্রাপ্য শাস্তি পেয়েছেন। এর মাধ্যমে ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে।’ এএফপি, রয়টার্স।