ন্যায়বিচারের জন্য উপস্থিত হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ন্যায়বিচার করার চেয়ে অন্যায় বিচার করা খুবই সহজ। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে তিনি এ কথা বলেছেন বলে সাংবাদিকদের জানান। দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।সাবেক যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি দুদকের জিজ্ঞাসাবাদে তাদের বলেছি, আমি ন্যায়বিচারের জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। আরও যতবার দরকার, ততবার এখানে আসব।’ সৈয়দ আবুল হোসেন বলেন, ‘আমার সাংবাদিক বন্ধুরা সবাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু তার পরও কিছু কিছু সাংবাদিক বন্ধু, কিছু কিছু সংবাদপত্র, কিছু কিছু আলোচনা অসত্য তথ্যের ওপরে হয়েছে, যা আমাকে বিভ্রান্ত করেছে, আমাকে ক্ষুব্ধ করেছে।’ আজকের বিষয়ে কী আলোচনা হয়েছে—সাংবাদিকেরা জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আপনারা আমার কথাটাকে কিন্তু বলতে দিলেন না, অন্যদিকে নিয়ে গেলেন।’এ সময় সাংবাদিকেরা জানান, এর আগে তিনি এ কথাগুলো বলেছেন।এরপর সাবেক যোগাযোগমন্ত্রী বলেন, ‘আজ পদ্মা সেতুর সামগ্রিক অনেক বিষয়ে অলোচনা হয়েছে। কথাগুলো দুদক যদি আপনাদের জানায়, তাদের কাছে জেনে নেবেন। আর আমি কিছু কথা লিখিত আকারে বলেছি। লিখিত আকারে যেগুলো বলেছি, সেগুলো এখন সাংবাদিক বন্ধুদের দেওয়া হবে।’ সৈয়দ আবুল হোসেন দাবি করেন, ‘কোনোভাবে কোনো কাজে অস্বচ্ছতার সঙ্গে সৈয়দ আবুল হোসেন, প্রাক্তন যোগাযোগমন্ত্রী, জড়িত নয়—এ কথাটি বুঝে নেন।’‘আপনি কি বোঝাতে চান যে দুদক যে তদন্ত করছে তাতে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যাবে না’—একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘আমি তাদের (দুদক) বোঝানোর চেষ্টা করেছি। তারা কতটুকু বুঝেছে, সেটা তো আমি বলতে পারব না। আমি স্বচ্ছতার সঙ্গে প্রশ্নের জবাব দিয়েছি।’