ঘাতকদের ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে প্রমাণিত হলো, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতিহাসের অমোঘ নির্দেশ—অপরাধী যত ক্ষমতাধর হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। দীর্ঘ ৩৪ বছর পর হলেও বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে জাতি দায়মুক্ত হলো। আইনের শাসনের পথ হলো সুগম। আমরা মনে করি, এই বিচারের মধ্য দিয়ে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের অবসান ঘটল। যেকোনো হত্যাই ঘৃণ্য অপরাধ। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এর মাধ্যমে ঘাতকেরা বাংলাদেশের স্থপতিকেই শুধু হত্যা করেনি, পাল্টে দিতে চেয়েছিল রাষ্ট্রের মৌল চরিত্রও। ১৫ আগস্টের বিয়োগান্ত ঘটনার হোতারাই ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে।বাংলাদেশ রাষ্ট্র ও বঙ্গবন্ধু অবিভাজ্য সত্তা। তাঁকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যেমন অসম্ভব ছিল, তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও জাতিকে ঐক্যবদ্ধ রাখাও সম্ভব হতো না। বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের সঙ্গে তাঁর যে নিবিড়-গভীর সম্পর্ক ছিল, ঘাতকদের বুলেট তা ছিন্ন করতে পারেনি। জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর সাড়ে তিন দশক পরও বঙ্গবন্ধু আমাদের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র। বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর হলেও অপর ছয় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি (এক আসামি পলাতক অবস্থায় আগেই মারা গেছেন) এখনো বিদেশে পলাতক। সরকারের দায়িত্ব সেই ঘাতকদের দেশে ফিরিয়ে আনতে সর্বশক্তি নিয়োগ করা। আমরা চাই, সব ঘাতকের ফাঁসি কার্যকর হোক।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতক চক্র জারি করেছিল কুখ্যাত ‘ইনডেমনিটি’ বা রহিতাদেশ অধ্যাদেশ। পরবর্তী সরকার সেই অধ্যাদেশ পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনে পরিণত করে। ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ হয়ে যায়। এভাবে বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে দীর্ঘ ২১ বছর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার-প্রক্রিয়া শুরু করলেও শেষ করতে পারেনি। গতকাল পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে বিচার-প্রক্রিয়া শেষ হলো। জয় হলো ন্যায়বিচারের। বঙ্গবন্ধু ফিরে আসবেন না; কিন্তু এই রায় কার্যকর হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলবে ন্যায়বিচারপ্রত্যাশী প্রত্যেক মানুষ। আমরা আশা করি, বঙ্গবন্ধু হত্যার বিচারের বিষয়টি সবাই আইনের দৃষ্টিতেই দেখবেন। এর মধ্যে কোনো রকম আবেগ-উচ্ছ্বাসের সুযোগ নেই। কোনো স্বার্থান্বেষী মহল যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সে ব্যাপারে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।