ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবি স্কপসহ শ্রমিক সংগঠনগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে স্কপের নেতারা এ দাবি করেন। ‘জাতীয় ন্যূনতম মজুরি দারিদ্র্যসীমার নিচে নয়’ শিরোনামে গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ উত্থাপন করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।রায় রমেশ বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের সুষম খাদ্য গ্রহণ করতে হলে মাসে সাত হাজার ৩৮০ টাকা প্রয়োজন। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টসশিল্পের জন্য একটি ন্যূনতম মজুরি থাকলেও শ্রমিকদের জন্য সর্বজনীন কোনো ন্যূনতম মজুরি নেই। শ্রমিকদের জন্য একটি ওয়েজ বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। গোলটেবিলের সঞ্চালক মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মজিবর রহমান ভূঁইয়া বলেন, বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রী অনেকের সঙ্গে বৈঠক করে মতামত চান। কিন্তু শ্রমিক নেতাদের সঙ্গে তিনি কোনো মতবিনিময় করেন না। শিল্পপ্রতিষ্ঠানের শ্রম-পরিবেশ ঠিক রাখতে বাজেট আলোচনায় স্কপের নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বন্ধ হয়ে যাওয়া সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত চালু করা এবং শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার দাবি জানান। বৈঠকে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাফরুল হাসান।জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সভাপতি আবদুল কাদের হাওলাদার, নারী কমিটির সভাপতি বীনা শিকদার এ দাবি জানান। এ ছাড়া গার্মেন্টসশ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ আদমজী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক সমাবেশে এবং সর্বদলীয় গার্মেন্টসশ্রমিক ঐক্যের সভায় আলাদাভাবে একই দাবি জানানো হয়েছে।