ন্যূনতম মজুরি ৭ হাজার টাকার দাবিতে স্মারকলিপি
মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম বেতন সাত হাজার টাকা করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পোশাকশ্রমিকদের সাত সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে পরিষদের নেতারা সব শ্রমিককে জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি করেন। এসব দাবি আদায়ে শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা আজ সোমবার পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিকেএমইএ) স্মারকলিপি প্রদান করেন। বিজিএমইএর পক্ষে মহাসচিব আহসান-উল-ফাত্তাহ ও নারায়ণগঞ্জের প্রধান কার্যালয়ে বিকেএমইএর পক্ষে সভাপতি সেলিম ওসমান পৃথকভাবে স্মারকলিপি গ্রহণ করেন। সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ সাত সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিকদের অন্য দাবিগুলো হচ্ছে—কারখানাভিত্তিক পূর্ণ রেশনিং চালু করা, সব পোশাক কারখানায় শ্রমিক সংগঠনের (ট্রেড ইউনিয়ন) অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার। স্মারকলিপির সঙ্গে একজন শ্রমিকের পাঁচ সদস্যের পরিবারের ১২ হাজার ৯৫০ টাকা মাসিক ব্যয়ের একটি খসড়াও জমা দেন শ্রমিকনেতারা।মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার কারণে শ্রমিকেরা দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছেন। জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তারা। বেতন-ভাতা পুনর্নির্ধারণ না করলে বড় ধরনের শ্রমিক অসন্তোষ হতে পারে।’ সম্প্রতি আশুলিয়া ও কাঁচপুরে বেতন ভাতা পুনর্নির্ধারণের দাবিতেই মূলত শ্রমিকেরা আন্দোলন করেছেন বলে দাবি করেন তিনি। মাহবুবুর রহমান আরও বলেন, ২০০৬ সালের শ্রম আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী পোশাকশিল্প মালিকদের দুই সংগঠনের কাছে আমরা শ্রমিকদের দাবি-দাওয়া লিখিতভাবে দিলাম। আশা করি, আইন অনুযায়ী পোশাকশিল্প মালিকেরা ২১ দিনের মধ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নের ব্যবস্থা নেবেন। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘২০১০ সালের সর্বশেষ মজুরি কাঠামোর চেয়ে বর্তমানে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করার জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানাচ্ছি আমরা।’