নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ২৫ জুলাই প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১৯৬৭ সালে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগে যোগদান করেন। ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। দীর্ঘ ৪৩ বছরের রাজনীতিতে কখনো বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হননি। শারীরিক অসুস্থতার কারণে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করে সরে দাঁড়িয়েছেন।দলের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ আলীর নিয়োগ বাতিল করা হলে তিনি ওই পদের একজন প্রার্থী ছিলেন। নতুনভাবে পিপি নিয়োগের ক্ষেত্রে দলের সভাপতি-সম্পাদকসহ অন্য নেতারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি একজন প্রার্থী হয়েও সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে প্রধানমন্ত্রীর এপিএস শেখরও তাঁকে যথাযথ সম্মান না করায় তিনি মানসিকভাবে খুবই কষ্ট ও দুঃখ পেয়েছেন। যে কারণে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। নতুনভাবে পিপি নিয়োগ পেয়েছেন দলের সাবেক জেলা সম্পাদক মো. ছিদ্দিক আহম্মদ।এ ব্যাপারে গোলাম নবী বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণেই দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমার পদত্যাগপত্র ইতিমধ্যে দলীয় সভানেত্রীসহ জেলা নেতাদের কাছে জমা দিয়েছি।’