নড়াইলে অন্য রকম ঈদ শুভেচ্ছা
চিত্রা নদীর নড়াইল ফেরিঘাটের ওপর সেতু নির্মাণের দাবিতে এবার অন্য রকম ঈদ ও শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে। সরেজমিন দেখা গেছে, সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনগুলো ‘চিত্রা নদীর নড়াইল ফেরিঘাট এলাকায় অবিলম্বে ব্রিজ চাই, দিতে হবে।’ এমন দাবিসংবলিত রং-বেরঙের কয়েক শ ব্যানার শহরের বিভিন্ন স্থানসহ ইউনিয়ন পর্যায়েও টানানো হয়েছে। নড়াইল এখন ব্যানারের শহরে পরিণত হয়েছে। এ ব্যাপারে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় টাউন ক্লাবে সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সর্বদলীয় এক সভা অনুষ্ঠিত হয়। নড়াইল ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, ‘চিত্রা নদীতে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে সভা-সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবায়িত হয়নি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্রিজ বাস্তবায়নের দাবিতে ঈদ শুভেচ্ছাতেও বিষয়টি মুখ্য হয়ে উঠেছে।’বেসরকারি সংগঠন বাঁচতে শেখার জেলা সমন্বয়কারী ফূয়াদ জিলানী বলেন, ‘ফেরিঘাটে সেতু নির্মাণ এখন নড়াইলবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এ জন্য বাঁচতে শেখার নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে মানববন্ধন থেকে শুরু করে সভা, সমাবেশ, পথনাটকসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এখন মাত্র ৫০ গজ নদীর জন্য ছয় কিলোমিটার পথ ঘুরে শহরে প্রবেশ করতে হয়।’জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন বলেন, নড়াইলবাসী অনেক আন্দোলন-সংগ্রাম করলেও কর্তৃপক্ষ কেন এ ব্যাপারে সুনজর দিচ্ছে না বিষয়টি বোধ্যগম্য নয়। এখানে (পুরোনো ফেরিঘাট এলাকা) সেতু নির্মাণের অভাবে নড়াইল চৌরাস্তা, আদালত সড়ক, পুরাতন বাস টার্মিনালের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেছে।জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বলেন, ‘শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চিত্রা নদীতে সেতু নির্মিত হলেও শুধু যানবাহন চলাচলের ক্ষেত্রে ছাড়া জনসাধারণের চলাচলে কোনো উপকার হয়নি। ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় নড়াইল শহরের গুরুত্বপূর্ণ এ প্রবেশপথে (ফেরিঘাট) বেইলি ব্রিজ ছাড়া জনজীবন অনেকটা অচল হয়ে পড়েছে। এখানে নৌকা পারাপারের ব্যবস্থা থাকলেও রয়েছে নানা ভোগান্তি।’ এ ঘাটে নিয়মিত চলাচলকারী কালিয়ার জামিরুল ইসলাম (৩৫), লোহাগড়ার রমজান আলীসহ (২৫) অনেকে অভিযোগ করেন, বাড়ি থেকে সঠিক সময়ে বের হলেও নৌকা পারাপারের বিড়ম্বনায় ফেরিঘাটে প্রতিদিনই কিছু না কিছু ঝামেলা হয়। এতে করে সঠিক সময়ে অফিসে আসা সম্ভব হয় না। নৌকায় দুই মিনিটেরও পথ নয়, এমন নদী পারাপারে দুই থেকে তিন টাকা প্রতিবারে গুনতে হয়। বাইসাইকেলের ক্ষেত্রে পাঁচ টাকা এবং মোটরসাইকেলের ক্ষেত্রে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এদিকে নড়াইল চৌরাস্তা ও টার্মিনাল বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় পাঁচ বছর ধরে দাবি থাকলেও এ অংশে সেতু নির্মাণ না হওয়ায় মালামাল পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। নড়াইলবাসীর সব দাবির চেয়ে এখন বড় দাবি হয়ে উঠেছে ফেরিঘাটের ওপর সেতু বাস্তবায়ন। এ কারণেই ঈদের শুভেচ্ছায়ও এর প্রভাব পড়েছে।