নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
নড়াইলে চিত্রা নদীর ফেরিঘাট থেকে বাঁধাঘাট পর্যন্ত দুই কিলোমিটার নদীতীর দখল করে দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে বেশির ভাগ অংশই সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী থেকে শুরু করে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা-কর্মীদের দখলে। গত বছরের ২৩ আগস্ট প্রথম আলোর আলোকিত দক্ষিণ পাতায় ‘নড়াইলের নদী-খাল-পুকুর রক্ষা করবে কে?’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রায় এক বছর পর উচ্ছেদ অভিযান শুরু হলো।জেলা প্রশাসন ২০ জুলাই নদীর জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মো. তবিবর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার। তাঁদের ভাষ্যমতে, অভিযান শুরুর প্রথম তিন দিনে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত আটটি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ছারিউল বিশ্বাসের দোতলা ভবন থেকে চিত্রা নদীর ভেতরে নেমে আসা পাকা সিঁড়ির একাংশ, পরিতোষ ও কার্ত্তিক কুন্ডুর মিষ্টির দোকানের একাংশ, ব্যবসায়ী দাউদ হোসেন, দেলোয়ার হোসেন, মো. লিয়াকত আলী, শিশির কুমার ঘোষ ও রামকৃষ্ণ আশ্রম রোডের রবিউল ইসলামের পাকা দোকান ঘরের একাংশ।জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ছারিউল বিশ্বাস বলেন, ‘আমি নিজস্ব সীমানায় স্থাপনা নির্মাণ করেছি। নদীভাঙনের কবল থেকে ঘরবাড়ি রক্ষার জন্য নদীতীরে একটি গাইডওয়াল নির্মাণ করেছি। কিন্তু প্রশাসন এ ব্যাপারে সঠিক সীমানা নির্ধারণ না করেই স্থাপনা সরিয়ে ফেলার জন্য আমাকে নোটিশ দেন। এর পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করি। আদালতে মামলা চলাকালে প্রশাসন ওই স্থাপনা ভেঙে দেয়।’বাজারের মিষ্টি ব্যবসায়ী পরিতোষ কুমার বলেন, ‘ভি সি স্কুলের শিক্ষক জাফর মিয়া ঘরের মালিক। তাঁকে মাসে এক হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করছি। নদী দখল করে ঘর করা হয়েছে কি না জানি না। আমার ঘরের বেশির ভাগ অংশ ভেঙে ফেলায় ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলো।’ তবে জাফর মিয়ার সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। মিষ্টি ব্যবসায়ী কার্ত্তিক কুন্ডুর ছেলে প্রফুল্ল কুন্ডু বলেন, ‘বাপ-দাদার আমল থেকে এখানে ব্যবসা করে আসছি। বাবা মারা যাওয়ার পর নিজে ব্যবসা করছি। যতটুকু জানি, নিজেদের ২ শতাংশ জমির ওপর ঘর। নদীতে আগের মতো লঞ্চ-স্টিমার চলে না। তাই অনেকের মতো আমিও নদীর মধ্যে ঘরের পরিধি বাড়িয়েছি। ঘর ভেঙে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হলাম। ১০-১২ জনের রুটি-রুজি নষ্ট হলো।’ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, মুখ দেখে দেখে উচ্ছেদ করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে না। তালিকা অনুযায়ী উচ্ছেদ অভিযান সমন্বয় করা হচ্ছে না।জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নদীতীরবর্তী যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগদখল চলছে, পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান সবেমাত্র শুরু করা হয়েছে। তবে আদালতে বেশ কিছু মামলা থাকায় সেখানে উচ্ছেদ অভিযান সাময়িকভাবে স্থগিত রয়েছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমান তালিকায় ৩০টি অবৈধ স্থাপনা রয়েছে।