নড়াইলে আবাদি জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আবাদযোগ্য জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইটভাটায়। একটি দালাল চক্র জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ভাটার আশপাশের শত শত একর জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কিনে ইটভাটায় সরবরাহ করছে। এসব জমির মালিকদের অভাবের সুযোগ নিয়ে এবং অসচেতনতার কারণে তারা কম দামে কিনে ভাটার মালিকদের কাছে বেশি দামে বিক্রি করছে। সরেজমিন দেখা গেছে, ইটভাটার কাছাকাছি এলাকার কৃষিজমি থেকে প্রতিদিন ট্রাকের পর ট্রাক মাটি কাটা হচ্ছে।জমির মাটি বিক্রেতা ও ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘জেলায় মোট ৩১টি ইটভাটা আছে। এসব ইটভাটার মালিকেরা ইট তৈরির মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবাদি জমির মাটি সংগ্রহের জন্য দালালচক্রকে নিয়োগ করে।কালিয়া উপজেলার কাঠাধুরো গ্রামের কৃষক রমজান আলী বলেন, ‘ছলের (ছেলের) রোগ হইছে। ডাক্তার দেহাতি হবে। টায়া (টাকা) লাগবেনে সে জন্যি কিছু মাটি বেচে দিছি। কিছু টায়াও বারোয় (বের) গেল। এক গাড়ি মাটি বেচে দুই হাজার টায়া পাইছি।’ লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের কৃষক হোসেন আলী বলেন, ‘মাটি দিতি চাইনি বলে ওই ভাটার লোক (মাটি ক্রেতা) কওছার মুন্সি দেহে নিয়ার হুমকি দেছে।’ সদর উপজেলার আগদিয়া গ্রামের গোরাচাঁদ বিশ্বাস ইটভাটায় মাটি সরবরাহের কাজ করেন। তিনি বলেন, ‘ঢক (বৃষ্টি) কমে গিলি এ গ্রামে ও গ্রামে মাটির খোঁজে বেরোয় পড়ি। দেড় থেকে দুই হাজার টাকায় এক গাড়ি (ট্রাক) মাটি কিনতে পারলি খরচ বাদে ট্রাকপ্রতি তিন থেকে সাড়ে তিন শ টাকা করে থাকে। ভাটায় বছরে প্রায় এক থেকে দেড় শ ট্রাক মাটি দিতি হয়।’মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা (যশোর অফিসের দায়িত্বপ্রাপ্ত) শচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘মাটির টপসয়েল (উপরিভাগ) কেটে ফেলার কারণে জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে যায়। টপসয়েলের ৯ ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত উদ্ভিদের খাদ্যকণা থাকে। এই মাটির টপসয়েল কেটে ফেলার কারণে জমিতে আবাদ করা উদ্ভিদের (ফসল) শেকর পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় ওই জমিতে ফসল খুব একটা ভালো হয় না। এই ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ থেকে সাত বছর লেগে যায়।’প্রতারণার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার: বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাত্ করার অভিযোগে নড়াইল থানা পুলিশ ৬ এপ্রিল রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরামপুর গ্রাম থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ দাউদ হোসেন (৫০) ও তৈয়বুর রহমান (৩২)। সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মোহাম্মদ নাসির জানান, তাঁরা বিদেশে পাঠানোর নাম করে নড়াইল পৌরসভার আজিজুর রহমানের কাছ থেকে কয়েক দফায় সাড়ে সাত লাখ টাকা নিয়ে আত্মসাত্ করেন। আজিজুর তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: ‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’—এ স্লোগান সামনে রেখে ৭ এপ্রিল জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন আবদুস সামাদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস মুরশিদা, মুন্সি হাফিজুর রহমান, স্বপন কুমার রায়, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান প্রমুখ।