নড়াইলে আমগাছে মুকুলের আধিক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে আর নয়। এবার নড়াইলেই রাজশাহীর সুমিষ্ট আমের চাহিদা পূরণ করা সম্ভব হবে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে অস্বাভাবিকভাবে মুকুল দেখা দেওয়ায় এমনটাই আশা করছেন নড়াইলের আমচাষিরা। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন আমবাগানে কোনো কোনো গাছে মুকুলের পরিমাণ বেশি থাকায় গাছের ডাল হেলে পড়েছে। পাতা দেখা যাচ্ছে না। ভেঙে পড়ার আশঙ্কায় অনেকে বাঁশ দিয়ে গাছের ডাল ঠেকিয়ে রেখেছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় পরিকল্পিতভাবে আমবাগান করা হয়েছে এমন সংখ্যা ৩২৫টি। এর মধ্যে সদর উপজেলায় ১৫০, লোহাগড়ায় ৭৫ ও কালিয়ায় ১০০টি রয়েছে। তবে শতকরা ৯০ ভাগই অপরিকল্পিতভাবে মাছের ঘেরের পাড়ে অথবা প্রাকৃতিকভাবে বাড়ির আঙিনায় বেড়ে ওঠা স্থানীয় জাতের আমগাছ। এসব গাছে কৃত্রিম হরমন বা ছত্রাকনাশক প্রয়োগ ছাড়াই মুকুল ধরেছে। এ ধরনের গাছের কোনো পরিচর্যা করা হয় না। এখানকার চাষিরা সাধারণত আম্রপালি, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কেশাপাতি ও লতা জাতের আমের চাষ করে থাকেন। গত বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০০ আম্রপালি জাতের কলম এনে ২০ একর মাছের ঘেরের পাড়ে লাগিয়েছেন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের শমসের বিশ্বাস। খরচ বাদে প্রায় ৭০ হাজার টাকা আয় হয়। তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এবার গাছে মুকুল বেশি ধরেছে। তা ঝরে না পড়ায় এবার প্রায় এক লাখ টাকার মতো আয় হওয়ার আশা রয়েছে। আর রাজশাহী থেকে নড়াইলের মানুষকে সুমিষ্ট আম কিনে আনতে হবে না।’ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সৈয়দ আবদুল মজিদ জানান, লাভজনক হওয়ায় আমচাষের ব্যাপারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। তিনি বলেন, আমগাছের জন্য সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে ম্যাঙ্গো হফার। ছত্রাকের কারণেও আমের ক্ষতি হয়। পোকা দমন ও ছত্রাকমুক্ত রাখতে আমের মুকুল ফোটার আগে এবং গুটি বাঁধার পর কীটনাশক ও ছত্রাকনাশক ওষুধ একসঙ্গে পানিতে মিশিয়ে তা গাছের সর্বত্র স্প্রে করতে হয়। আমচাষি ও সচেতন পরিবারের সদস্যরাও এসব দমনে প্রকৃতির ওপর নির্ভর না করে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করছেন। তবে আধুনিক এসব পদ্ধতির প্রচার-প্রচারণায় কৃষি বিভাগের ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অনিলচন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘জেলায় এবার ৯০ শতাংশ আমগাছেই মুকুল হয়েছে। বৈরী আবহাওয়াও নেই। ফলে মুকুলগুলো ঝরে না পড়ার সম্ভাবনা রয়েছে। ফলন যাতে হতে পারে, সে জন্য এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। প্রকৃতি বৈরী আচরণ না করলে এবার আমের ব্যাপক ফলন হবে বলে আশা করছি।’