নড়াইলে ইউপি কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে এলাকাবাসী দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় কাজ শুরু করা যাচ্ছে না। দুই পক্ষই নিজেদের নির্ধারিত স্থানে ভবন নির্মাণের দাবিতে অটল থাকায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পহরডাঙ্গা গ্রামের সাবেক বৈমানিক এম মোস্তাক আলী, অপরপক্ষে রয়েছেন মুলশ্রী গ্রামের বাসিন্দা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নির্মল মণ্ডল। উভয়পক্ষের লোকজন নিজেদের নির্বাচিত স্থানে ভবন নির্মাণের জন্য তদবির করে চলেছে। দুপক্ষের অনুকূলেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুপারিশ ও অনুরোধপত্র থাকায় ভবন নির্মাণ বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। দুটি পক্ষই সংগ্রাম কমিটি গঠনের মাধ্যমে দাবি আদায়ে মাঠে নেমেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষে সরকার ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে প্রয়োজনীয় নির্দেশসংবলিত পরিপত্র জারি করে। পরিপত্র অনুযায়ী, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের বিদ্যমান স্থানকে অগ্রাধিকার দিতে হবে, জমির পরিমাণ ৫০ শতাংশ হতে হবে, ইউনিয়নের সব স্থানের সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ হতে হবে। নির্বাচিত স্থানের আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, সরকারি অফিস থাকতে হবে। পহরডাঙ্গা ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মিরাজুল হক বলেন, মধুমতি নদীতীরে ইউনিয়নের প্রধান ও এক শ বছরের পুরোনো বাগুডাঙ্গা বাজারে ইউপি ভবন অবস্থিত। এখানকার চারদিকের যোগাযোগব্যবস্থাও ভালো। এ বাজার কেন্দ্র করে এখানে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ডাকঘরসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইউনিয়নের ১১টি গ্রামের মধ্যে নয়টি গ্রামের মানুষের ইচ্ছা—নতুন ভবনটি এখানে নির্মিত হোক। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মঞ্জুরুল হোসেন পহরডাঙ্গা গ্রামের সাবেক বৈমানিক এম মোস্তাক আলীর নিকটাত্মীয়। ফলে এম মোস্তাক আলী পরিষদের সিদ্ধান্ত ও ইউনিয়নের লোকজনের মতামত উপেক্ষা করে নিজের গ্রামে নতুন ভবন নির্মাণে উচ্চপর্যায়ে চেষ্টা-তদবির অব্যাহত রেখেছেন।ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল মণ্ডল বলেন, ‘গত ২৩ জুন পরিষদের এক সভায় ইউপি কমপ্লেক্স ভবনটি আগের জায়গায় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য মুলশ্রী গ্রামের আবদুল বারেক মল্লিক পরিষদের নামে ৫০ শতাংশ জমি নিঃশর্তভাবে লিখে দেন। জেলা প্রশাসক তদন্তসাপেক্ষে এখানেই নতুন ভবন নির্মাণের পক্ষে অনুমোদন দিয়ে ১১ আগস্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। নিয়মানুযায়ী, এক মাসের মধ্যে ভবন নির্মাণকাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা যাচ্ছে না। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ওহিদুজ্জামান বলেন, ‘কমপ্লেক্স ভবন নির্মাণে পরিষদে কোনো সিদ্ধান্ত হয়নি। কয়েকজন সদস্যের স্বাক্ষর জাল করে সভা দেখানো হয়েছে। এ ব্যাপারে আদালতে মামলাও করা হয়েছে। মুলশ্রী গ্রামে ভবন নির্মাণের জন্য ২২ জুন যে জমি নামজারি করা হয়েছে, ম্যাপে (নকশা) সে জমির অস্তিত্ব নেই।সাবেক বৈমানিক এম মোস্তাক আলী বলেন, পহরডাঙ্গা গ্রাম ইউনিয়নের মাঝখানে অবস্থিত। স্কুল, হাটবাজার, ইউনিয়ন-স্বাস্থ্যকেন্দ্র, কালিয়া-গোপালগঞ্জ পাকা সড়কসহ সব সুযোগ-সুবিধার কেন্দ্রস্থল এই গ্রাম। স্থান নির্বাচনে পরিষদের সদস্যদের মতপার্থক্য থাকা সত্ত্বেও আগের জায়গায় নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করায় ইউপি সদস্য সুমনা ইয়াছমিন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আসামি করে সহকারী জজ আদালতে মামলা করেন। ওই সিদ্ধান্ত বাতিল করে পহরডাঙ্গা গ্রামে ভবনটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি পুনরায় তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) দায়িত্ব দেন।অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী বলেন, ‘জিপির মতামত নিয়ে ভবন নির্মাণের প্রস্তাব সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রেরণ করা যেতে পারে।’এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, সরেজমিন তদন্ত করে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচ্য বিষয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন নয়। সরকার যেটা ভালো বুঝবে, সেটাই করবে।