নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটায় আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. খায়রুজ্জামান ওরফে খায়েরকে (৩৫) গ্রেপ্তারের প্রতিবাদে শিঙ্গাশোলপুর বাজারে অঘোষিত হরতাল পালিত হয়েছে। তাঁর মুক্তির দাবিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এলাকার কয়েক হাজার মানুষ শহরের সুলতান মঞ্চ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এতে নারী, পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যানের মুক্তির দাবিতে এলাকার কয়েক হাজার মানুষ সুলতান মঞ্চ চত্বরে জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিল বের করতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ২০ জন আহত হয়। পরে তারা নিশিনাথ তলায় সমাবেশ করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়।তবে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান মিছিলে লাঠিপেটার কথা অস্বীকার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ দাবি করেন, ইউপি চেয়ারম্যান খায়ের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।ওসি আরও জানান, গত বুধবার রাতে চেয়ারম্যান তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে ইউনিয়নের তারাপুর গ্রামের নাজমুল হকের বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় বাড়ির লোকেরা ২০ হাজার টাকা দেয়। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের জন্য হুমকি দেয় চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় চেয়ারম্যানসহ ১০ জনকে আসামি করে মামলা করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে খায়ের দাবি করেন, তিনি চাঁদাবাজ নন। চাঁদাবাজ হলে এলাকার হাজার হাজার মানুষ তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ করত না। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে। সব মামলায় জামিনে আছেন। বিএনপি করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে নতুন করে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।